মেক্সিকো সিটি, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াডালাজারার কাছে ১৮ ব্যক্তির মুণ্ডুবিহীন ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুয়াডালাজারা থেকে ১৮ মাইল দক্ষিণের ছোট শহর ইক্সটলাহুয়াকান দ্য লস মেমব্রিলোসে বুধবার একটি মহাসড়কের পাশে দুটি গাড়ির মধ্যে ফেলে রাখা অবস্থায় ওই লাশ ও মাথাগুলো উদ্ধার করা হয় বলে জানান জেলিসকো স্টেটের প্রধান সরকারি আইন কর্মকর্তা টমাস করোনাডো।
মাদক চোরাচালানের সঙ্গে জড়িত জেটাস গোষ্ঠী এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। সা¤প্রতিক সময়ে এটাই মেক্সিকোয় সবচেয়ে বড় সহিংস ঘটনা।
টমাস করোনাডো বলেন, উদ্ধার করা লাশগুলোর মধ্যে কিছু লাশ গাড়ির মধ্যে ফেলে রাখার আগে হিমাগারে রাখা হয়েছিল।
ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা জানান, কিছু লাশ এতো বেশি ক্ষতবিক্ষত করা হয়েছে যে, সেগুলো পুরুষ না নারীর লাশ তা সনাক্ত করা যাচ্ছে না।
লাশগুলোর পাশ থেকে জেটাস গোষ্ঠীর পক্ষে সই করা একটি চিঠি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মেক্সিকোর সাবেক সেনা সদস্যদের নেতৃত্বে গড়ে ওঠা এই গোষ্ঠীকেই দেশটিতে সা¤প্রতিক সব ভয়াবহ সহিংস ঘটনার জন্য দায়ী করা হয়।
মাদক চোরাচালানকারী চক্রগুলো ১৯৮০ সালের পর থেকে গুয়াডালাজারাকে কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে।
এ বছরের শুরু থেকে ওই অঞ্চলে জেটাস ও তার প্রতিপক্ষ মাদক চোরাচালানকারী গোষ্ঠীর মধ্যে সহিংসতা বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এএইচ/১৩০৯ ঘ.
bdnews24