সমকামী বিয়েতে ওবামার সমর্থন
বেশ কয়েক বছরের নিরবতার পর সমকামী বিয়েতে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।ভিডিও
বেশ কয়েক বছরের নিরবতার পর সমকামী বিয়েতে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনিই হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি স্পর্শকাতর এ বিষয়ে প্রকাশ্যে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানালেন।
বুধবার টেলিভিশন চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “ আমার জন্য সামনে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এবং আমি স্বীকার করি যে, সমকামী জুটির বিয়ের অধিকার থাকা উচিত।”
এসময় তিনি সমকামী নাগরিকদের অধিকার বাড়াতে তার প্রশাসনের বিভিন্ন প্রতিশ্র“তির কথা তুলে ধরেন। এছাড়া সেনাবাহিনীর ‘প্রশ্ন নয়, বলা নয়’ নীতির বিলোপসহ প্রতিরক্ষা বাহিনীর বিবাহ আইনের প্রতি তার প্রশাসনের সমর্থন প্রত্যাহারের বিষয়টিও তিনি সামনে আনেন।
“সমকামী, উভলিঙ্গ ও হিজড়াদের বৃহত্তর সমতার পক্ষে আমি অবস্থান নিয়েছি। আগে সমকামী বিয়েতে সমর্থন জানানোর বিষয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। কারণ আমি মনে করেছিলাম এর জন্য সুশীল সমাজের ইউনিয়নগুলোই যথেষ্ট ভূমিকা রাখতে পারবে।”
যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট পার্টি, সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরত বিভিন্ন সংগঠন ও অন্যরা ওবামার এ অবস্থানকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছেন তারা।
নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, “আমেরিকার নাগরিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”
সমকামী বিয়ের প্রতি প্রেসিডেন্টের এ সমর্থনকে ‘সমতার প্রতি দেশের প্রতিশ্র“তি পূরণের একটি বড় পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের নীরা টান্ডেন।
তবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল খ্রিস্টান নেতারা ওবামার এ অবস্থানের কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, এর মধ্য দিয়ে বিতর্কিত একটি ইস্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনি ইতোমধ্যে সমকামী বিয়ের বিরুদ্ধে তার অবস্থান জানিয়েছেন।
স¤প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও মন্ত্রিসভার সদস্য আর্ন ডানকানও সমকামীদের অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ নাগরিক সমকামী বিয়ের বৈধতা দেওয়ার পক্ষে। আর ৪৮ শতাংশ মানুষ এর বিরোধিতা করেন।
অবশ্য যুক্তরাষ্ট্রের ২৯ টি স্টেটে এখনো সমকামী বিয়ে নিষিদ্ধের আইন রয়েছে।
