ওয়াশিংটন, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ পরিবারগুলোর জন্য শিক্ষাঋণ একটি সমস্য হয়ে দেখা দিয়েছে। বর্তমানে এই খাতে মোট ঋণের পরিমাণ এক লাখ কোটি ডলারে পৌঁছে গেছে।
ক্রমবর্ধমান শিক্ষাঋণ ও ঋণের সুদের হার নিয়ে দেশটির আইনপ্রণেতারাও চিন্তিত হয়ে উঠেছেন। এই সঙ্কটের রাশ টেনে ধরা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করছেন তারা। দেশটির শিক্ষা কর্তৃপক্ষ ও নীতিনির্ধারকরাও সমস্যাটি মোকাবেলায় নতুন কোনো উপায়ের খোঁজ করছেন।
আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনেও এটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি মিট রমনি শিক্ষঋণকে ক্রমবর্ধমান সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী প্রচারণায় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।
বর্তমানে একজন আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালানোর জন্য প্রায় ২৯ হাজার ডলার শিক্ষঋণ গ্রহণ করতে হয়। আর একজন গ্রাজুয়েট শিক্ষার্থীর প্রয়োজন হয় প্রায় ৪৪ হাজার ডলার।
গত বছর মাস্টার্স ডিগ্রি পাশ করা গ্রাফিক ডিজাইনার এলবোট কারমানের আয়ের তুলনায় শিক্ষাঋণ অত্যন্ত বেশি। সরকারি ও বেসরকারি মিলিয়ে কারমানের শিক্ষাঋণের পরিমাণ ১ লাখ ৪০ হাজার ডলার। আর গত এক বছরে তার আয় হয়েছে মাত্র ১২ হাজার ডলার। ফলে তাকে ঋণ পরিশোধ স্থগিত রাখার অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার।
যে ছাত্ররা চাকরি জীবনে শিক্ষক, পুলিশ কর্মকর্তা বা অন্যান্য সরকারি বিভাগে যোগ দিয়েছেন তারা ১০ বছর পর ঋণ মওকুফের সুযোগ পান।
২০০৯ সাল থেকে চালু হয় বুশ প্রশাসনের শিক্ষাঋণ কর্মসূচি। এর আওতায় সঙ্কটের মধ্যে থাকা শিক্ষার্থীদের তাদের আয়ের ১৫ শতাংশ ঋণ পরিশোধের জন্য দিতে হতো আর ২৫ বছর পর তাদের ঋণ মওকুফ হতো।
ওবামা প্রশাসনের নতুন কর্মসূিচ অনুযায়ী, শিক্ষার্থীদের আয়ের ১০ শতাংশ ঋণ পরিশোধের জন্য দিতে হবে। আর ১৫ বছর পর ঋণ মওকুফ হবে। তবে এই কর্মসূচি ২০১৪ সাল থেকে কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩২ঘ.
bdnews24