২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জাতিসংঘ গাড়িবহরের কাছে বিস্ফোরণ

সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষকদের দেরা অভিমুখী গাড়িবহর পাহারা দিয়ে নিয়ে যাওয়া একটি সামরিক ট্রাক বোমা বিস্ফারণে বিধ্বস্ত হয়েছে। ভিডিও সহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষকদের দেরা অভিমুখী গাড়িবহর পাহারা দিয়ে নিয়ে যাওয়া একটি সামরিক ট্রাক বোমা বিস্ফারণে বিধ্বস্ত হয়েছে।

পর্যবেক্ষকদের গাড়ি পার হয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সিরিয়ার ওই সামরিক ট্রাক রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়। এতে অন্তত তিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

জাতিসংঘ গাড়িবহরে ছিলেন পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড। তবে তিনি কিংবা অন্য কোনো পর্যবেক্ষক বিস্ফোরণে আহত হননি।

বিস্ফোরণে গাড়ির জানালা চুরমার হয়ে যায়, কালো ধোঁয়ায় ঢাকা পড়ে চারদিক। তদবে জাতিসংঘ গাড়িবহরের কোনো গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়নি।

সিরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা ঘটনাস্থল থেকে এপি বার্তা সংস্থাকে বলেন, “আমরা জাতিসংঘ গাড়িবহরকে সুরক্ষা দিয়ে পেছনে পেছনে যাচ্ছিলাম।এ সময় রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে।”

এতে ছয় সেনা আহত হওয়ার কথা জানান তিনি। ওদিকে, সরকারপন্থি আদদুনিয়া টেলিভিশন এ বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে।

 

জাতিসংঘ গাড়িবহর থেকে ১শ’ মিটারের কিছু দূরে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায়নি।

তবে সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিল এ ঘটনার জন্য সরকারকে দায়ী করে বলেছে, জাতিসংঘ পর্যবেক্ষকদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য সরকারই একাজ করছে।

সিরিয়ার বর্তমানে জাতিসংঘের ৭০ জন যুদ্ধবিরতি পর্যবেক্ষক রয়েছে। তবে এতে বন্ধ হয়নি সহিংসতা।

দেরায় গত বছর মার্চে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিলো। আন্দোলন দমনে দেরা প্রদেশে এখনো চলছে নিরাপত্তা বাহিনীর গোলা হামলা। হোমসেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই।

ওদিকে, দেশের অন্যান্য স্থানে চলছে বিদ্রোহী হামলাও। বুধবার দামেস্কের একটি শহরতলীতে অন্তত ৭ জন সরকারপন্থি মিলিশিয়াকে হত্যা করেছে বিদ্রোহীরা।

দামেস্কের ইরবিন শহরতলীতে মিলিশিয়াদের বহনকারী একটি বাসে রকেট-চালিত গ্রেনেড হামলা চালায় বিদ্রোহীরা।

সিরিয়ায় শান্তি ফেরানোর বৃহত্তর পরিকল্পনার আওতায় কার্যকর হয় জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের যুদ্ধবিরতি প্রস্তাব। কিন্তু সশস্ত্র সংঘাত ক্রমেই বাড়তে থাকায় এর কার্যকারিতা ক্ষুন্ন হচ্ছে।