জেরুজালেম, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদল কাদিমা পার্টির সঙ্গে আকস্মিক এক চুক্তির মধ্য দিয়ে মঙ্গলবার নতুন ঐকমত্যের সরকার গড়েছেন।
এ সরকারের বদৌলতে ইরানের পরমাণু স্থাপনায় অবাধে হামলা চালানোর এখতিয়ার পাবেন নেতানিয়াহু। সেইসঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথ খোঁজাও তার জন্য সুগম হবে।
ইসরায়েলে আগাম সাধারণ নির্বাচনের পথ এড়িয়ে নতুন এ জোট সরকার গড়তে সবাইকে হতবাক করে দিয়ে কাদিমা পার্টির সঙ্গে চুক্তিবদ্ধ হন নেতানিয়াহু।
সেপ্টেম্বরে আগাম নির্বাচন দেওয়ার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর। তার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া নিয়ে অধিবেশনে বিতর্ক চলার মধ্যেই নতুন সরকার গড়ার এ পদক্ষেপ নেন তিনি।
গত কয়েকদিনের গোপন আলোচনার পর সোমবার রাতভর বৈঠকের মধ্য দিয়ে কাদিমা পার্টির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেন নেতানিয়াহু।
এ দলের সদ্য-নির্বাচিত নেতা শাউল মোফাজকে উপপ্রধানমন্ত্রী করা হচ্ছে।
কাদিমা পার্টি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সবচেয়ে বড় দল। কিন্তু তারপরও দলটির আসনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে বলে আভাস পাওয়া গেছে সা¤প্রতিক কয়েকটি জরিপে।
তবে নেতানিয়াহুর ডানপন্থি কোয়ালিশনে কাদিমার যোগদানকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় জোটের অভ্যুদয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মোফাজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ ইতিহাস গড়ারই কৃতিত্ব জাহির করে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সবচেয়ে ‘বড় পরিসরের সরকার’ গঠনের সুযোগকে কাজে লাগিয়েছেন তিনি।
নেসেটের বর্তমান মেয়াদ ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ক্ষমতায় থাকবে এই নতুন জোট সরকার। এ সরকার ইসরায়েলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেন নেতানিয়াহু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৯৪৭ঘ.
bdnews24