২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে নতুন অধ্যায় শুরুর অঙ্গীকার ওলান্দের

ফ্রান্সে নতুন অধ্যায় শুরুর অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সমাজতান্ত্রিক দলের প্রার্থী ফ্রাঁসোয়া ওলান্দ। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

প্যারিস, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে নতুন অধ্যায় শুরুর অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সমাজতান্ত্রিক দলের প্রার্থী ফ্রাঁসোয়া ওলান্দ।

কঠোর ব্যয়সঙ্কোচনের অবসান ঘটানোর প্রত্যাশা ব্যক্ত করে নতুন সরকার গঠনের কাজ শুরু করতে চলেছেন তিনি।

ইউরোজোনের সদস্যদেশগুলোর সঙ্গে সরকারের ঋণ নিয়ে নতুন করে একটি চুক্তি করার প্রতিশ্র“তি দিয়েছেন ওলান্দ। এ চুক্তিতে ব্যয়সঙ্কোচনের পরিবর্তে বরং গুরুত্ব দেওয়া হবে প্রবৃদ্ধি বাড়ানোর দিকে।

আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় ওলান্দকে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। যাতে তার পারদর্শীতার ব্যাপারে নতুন করে আশ্বস্ত হতে পারে ইউরোজোনের অন্যান্য দেশগুলো।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পরিষ্কার ব্যবধানে পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছেন ওলান্দ। ১৫ মে তার হাতে ক্ষমতা তুলে দেবেন সারকোজি।

রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটে ওলান্দ পেয়েছেন ৫১ দশমিক ৭ শতাংশ ভোট। এ নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন।

হার স্বীকার করে নিয়ে মধ্য ডানপন্থী সারকোজি ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ওলান্দকে।

১৯৮০ সালের নির্বাচনে ফ্রাঁসোয়া মিতেরার বিজয়ের ৩১ বছর পর এই প্রথমবারের মতো সমাজতান্ত্রিক দলের কোনো প্রার্থী ফরাসি ভোটারদের জয় করতে পারলেন।

 

নির্বাচনে জয়ের পর মধ্য ফ্রান্সের তুলে¬ শহরে দেওয়া ভাষণে ওলান্দ বলেন, “মানুষকে আবারো আশাবাদী করে তুলতে পেরে আমি গর্বিত।”

রোববার দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ফ্রান্সের গণমাধ্যমগুলোতে প্রকাশিত আংশিক ফলাফলে ওলান্দের এগিয়ে থাকার খবর আসে। ওলান্দের তরুণ সমর্থকরা তখনই প্যারিসের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে শ্যাম্পেন উৎসব শুরু করে দেন। তারা সমস্বরে বলতে থাকেন, “সারকো, তোমার দিন শেষ!”

গত ২২ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটে ওলান্দ ২৮ দশমিক ৬ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারকোজি ২৬ দশমিক ২ শতাংশ ভোট পান।

প্রথম দফায় কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রান্সের আইন অনুযায়ী দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ হয়।

১৯৫৮ সাল থেকে ফ্রান্সে প্রজাতন্ত্র চালু হওয়ার পর থেকে এ নিয়ে দ্বিতীয় বারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট পরাজিত হলেন।

চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট হিসেবে ওলান্দ শপথ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। আর আগামী জুনে হবে পার্লামেন্ট নির্বাচন।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সমাজতান্ত্রিক প্রার্থীর জয়লাভের ফলে একক মুদ্রা ইউরো ব্যবহারকারী দেশগুলোর এলাকা ইউরো জোনে বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশ্লে¬ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৬ ঘ.