এথেন্স, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবির শিকার হয়েছে ক্ষমতাসীন দলগুলো। সরকারের কঠোর ব্যয়সঙ্কোচনের পদক্ষেপের জবাবে তাদেরকে এ শাস্তি দিয়েছে জনগণ।
৯৫ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, গ্রিসে কয়েক দশক ধরে আধিপত্য ধরে রাখা মূল ধারার দুই রাজনৈতিক দল রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি এবং স্যেশালিস্ট পাসোক পার্টি ৩৩ শতাংশেরও কম ভোট পেয়ে ৩শ আসনের পার্লামেন্টে ১৫০ আসন পেয়েছে।
৯৯ শতাংশ ভোট গণনায় নিউ ডেমোক্র্যাসি পেয়েছে মাত্র ১৮ দশমিক ৯ শতাংশ ভোট। ২০০৯ সালে যা ছিলো ৩৩ দশমিক ৫ শতাংশ।
নিউ ডেমোক্র্যাসি এবং নব্য-নাৎসি পার্টির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে নব্য বাম জোট সাইরিজা। আর ১৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে চলে গেছে পাসোক পার্টি। যেখানে গত নির্বাচনে দলটি পেয়েছিল ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।
জনগণ যে বেইলআউট তহবিলের জন্য ইইউ/আইএমএফ এর বেঁধে দেওয়া কঠিন শর্ত প্রত্যাখ্যান করেছে নির্বাচনের এ ফলেই তা স্পষ্ট।
এর পরও গ্রিসের নিউ ডেমোক্র্যাসির মধ্য-ডানপন্থি নেতা এন্টানিস সামারাস একটি সরকার গঠনের চেষ্টা চালাতে চান। তিনি ইতোমধ্যেই ইউরোপপন্থি ঐকমত্যের সরকার গঠনের ডাক দিয়েছেন। এতে করে গ্রিসকে ইউরোজোনে রাখা সম্ভব হবে। ওদিকে, পাসোক নেতা এভাঞ্জেলোস ভেনিজেলোসও ঐকমত্যের সরকার গড়ার ডাক দিয়েছেন।
গত নভেম্বর থেকে গ্রিসের ক্ষমতায় আছে মধ্য-ডান নিউ ডেমোক্র্যাসি এবং মধ্য-বাম স্যোশালিস্ট পাসোক দলের জোট। মূল ধারার এই দুই রাজনৈতিক দল জোট ধরে রাখতে চাইলে অন্যান্য অনাগ্রহী দলগুলোকে দলে টানতে হবে। কিন্তু এতে জোট খুব বেশিদিন স্থায়ী হবে না।
অন্যদিকে, নির্বাচনে বেইলআউট বিরোধী ছোট ছোট দলগুলো জিতলেও বিকল্প একটি জোট সরকার গড়া নিয়ে তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এ অবস্থায় গ্রিসে কি ধরনের সরকার গঠন করা হবে এবং নতুন সরকার ইইউ/আইএমএফ কর্মসূচি সমর্থন করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ঋণ সঙ্কট কাটাতে আন্তর্জাতিক বেইলআউট তহবিলের বিনিময়ে গ্রিস সরকারের নেওয়া কৃচ্ছতা পদক্ষেপের বিরুদ্ধে জনগণের ক্ষোভই নির্বাচনে ক্ষমতাসীন দলগুলোর জন্য কাল হয়েছে। এর পরিবর্তে নতুন পার্লামেন্টে নজিরবিহীনভাবে উঠে এসেছে ব্যয়সঙ্কোচন পদক্ষেপের বিরোধী ছোট ছোট রাজনৈতিক দল।
কিন্তু ঋণসঙ্কট কাটাতে ইইউ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছ থেকে বেইলআউট তহবিল প্রাপ্তি অক্ষুন্ন রাখার জন্য গ্রিসের ভবিষ্যৎ যে কোনো নতুন সরকারের জন্যই কঠোর ব্যয়ঙ্কোচন পদক্ষেপ চালিয়ে যাওয়া জরুরি।
বেইলআইট তহবিল চুক্তির শর্তানুযায়ী নতুন গ্রিক সরকার প্রতিশ্র“তি পূরণ করতে না পারলে কঠিন পরিণতি ভোগ করার হুমকি দিয়ে রেখেছে জার্মানি।
তাছাড়া, গ্রিসে কোনোরকম রাজনৈতিক অস্থিতিশীলতাই ইউরোজোনে দেশটির সদস্যপদকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৯ঘ.
bdnews24