ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
শনিবার রেয়ং প্রদেশের ম্যাপ টা ফুট কারখানায় বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
পুলিশের বরাত দিয়ে বিবিসির ওই খবরে বলা হয়, থাইল্যান্ডের সবচেয়ে বড় পেট্রো-কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের পর সেখান থেকে ঝাঁঝালো কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেয়ং প্রদেশের গভর্নর সেনি জিত্তাকাসেম জানান, শ্রমিকরা একটি ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এই বিস্ফোরণ হয়।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট হয়নি।
নিহতদের অধিকাংশই কারখানার শ্রমিক বলে জানান তিনি।
ম্যাপ টা ফুটের পুলিশ কর্মকর্তা চ্যারোন ভিতিকর্নকুল বলেছেন, বিস্ফোরণে আর কেউ হতাহত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৩৩১ ঘ.
bdnews24