ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় উদযাপন করতে গিয়ে ডিমের আঘাত খেয়েছেন ব্রিটিশ লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড।
বৃহস্পতিবার দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় শহর সাউথহ্যাম্পটনের একটি উন্মুক্ত জনসমাবেশে স্থানীয় এক টেলিভিশন প্রতিবেদকের কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। এমন সময় হ্যাট পরা এক ব্যক্তি এসে মিলিব্যান্ডে কাঁধে একটি ডিম দিয়ে আঘাত করেন।
কোট পরিহিত মিলিব্যান্ডের কাঁধে ডিমটি থেতলে যায়। হতচকিত মিলিব্যান্ড দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে কোটটি খুলে একজন সহকারীর কাছে দিয়ে দেন।
আর মিলিব্যান্ডের সামলে ওঠার ফাঁকেই রাস্তা দিয়ে সোজা দৌড়ে পালিয়ে যান হামলাকারী।
সাক্ষাৎকার শেষে উপস্থিত জনতার কাছ থেকে বিদায় নিয়ে নিজ গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন এই লেবার নেতা।
সাউথহ্যাম্পটনের স্থানীয় নির্বাচনে লেবার দলের বিজয় উদযাপন করতেই সেখানে গিয়েছিলেন তিনি।
ডিমাঘাতে নোংরা হয়ে যাওয়া কোটটি খুলতে খুলতে কৌতুক করে মিলিব্যান্ড বলেন, “আমি নিশ্চিত, এটি আমার কোনো ভক্তের কাজ নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৩৫২ ঘ.
bdnews24