সান ফ্রান্সিসকো, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাজারে ২৮ থেকে ৩৫ ডলারে শেয়ার ছেড়ে এক হাজার ৬০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করেছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক।
১৮ মে ফেইসবুকের শেয়ার বিক্রি শুরুর জন্য চলতি সপ্তাহেই আমেরিকার প্রধান শহরগুলোতে রোড শো করবে মার্ক জুকাবার্গের এ প্রতিষ্ঠান।
বাজার বিশ্লেষকরা বলছেন, ২৮ থেকে ৩৫ ডলার দরে ফেইসবুকের ১০ শতাংশ শেয়ার বিক্রি করা হলে কোম্পানির মোট সম্পদমূল্য বেড়ে সাত হাজার সাতশ’ কোটি ডলার থেকে নয় হাজার ছয়শ’ কোটি ডলারের মধ্যে দাঁড়াবে। আর কোনো ইন্টারনেট কোম্পানির জন্য এটাই হবে সবচেয়ে বড় আইপিও।
গুগল ২০০৪ সালে বাজারে শেয়ার ছাড়ার কোম্পানির সম্পদমূল্য দাঁড়িয়েছিল দুই হাজার তিনশ’ কোটি ডলার।
শেয়ারবাজারে ফেইসবুকের লেনদেন হবে ‘এফবি’ নামে। আপাতত ১০ শতাংশের মতো শেয়ার বাজারে ছেড়ে তোলা হবে প্রায় এক হাজার ৬০ কোটি ডলার। এর এর প্রচারের জন্য সোমবার রোড শো শুরু হবে নিউ ইয়র্কে। প্রচার চলবে শিকাগো ও বোস্টোনের মতো বড় শহরগুলোতেও।
দুই সপ্তাহের এই রোড শোতে ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বব্যাপী ৯০ কোটি ব্যবহারকারীর এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গত বছর আয় করেছে একশ’ কোটি ডলার।
আইপিওর মাধ্যমে বাজারে শেয়ার ছাড়া হলেও ফেইসবুকের নিয়ন্ত্রণ মূলত জুকারবার্গের হাতেই থাকবে। শেয়ারের মালিকানা ও অন্যান্য শেয়ার মালিকদের সঙ্গে চুক্তি অনুযায়ী এ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটিতে ৫৭ দশমিক তিন শতাংশ ভোটের ক্ষমতা তার হাতে থাকবে।
ফেইসবুক আইপিওতে যাওয়ার পর জুকারবার্গের হাতে থাকবে কোম্পানির ৩১ দশমিক পাঁচ শতাংশ শেয়ার। এতে তার সম্পদের পরিমাণ দাঁড়াবে এক হাজার ৭৬০ কোটি ডলার। আর এতে করে বিশ্বের সবচেয়ে ফোর্বস ম্যাগাজিনের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি ৩৩ নম্বরে উঠে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/জেকে/১৭১১ ঘ.
bdnews24