ভিয়েনা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান শুক্রবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ফর্দো পরমাণু বাঙ্কার বন্ধের পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে।
এর মধ্য দিয়ে এ মাসে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকের আগে ইরান তাদের অবস্থান জানান দিল।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থা নিয়ে আলোচনায় ইরানকে উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ অবিলম্বে ফর্দো পরমাণু স্থাপনা বন্ধ করে দেওয়ার দাবি জানানো হবে বলে গত মাসে জানিয়েছিলেন এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা।
কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র ইরানি রাষ্ট্রদূত আলি আসগর সোলতানিয়েহ রয়টার্সকে বলেন, ফর্দো পরমাণু স্থাপনা বন্ধের ‘কোনো যৌক্তিকতা’ নেই। এ স্থাপনা আইএইএ’র নজরদারিতে আছে বলে জানান তিনি।
পরমাণু কর্মসূচিকে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কোনোরকম হামলা থেকে বাঁচাতে ইরান এই পরমাণু স্থাপনা গড়ে তুলেছে জানিয়ে সোলতানিয়েহ বলেন, “আইএইএ’র নিয়ন্ত্রণাধীনে এরকম একটি নিরাপদ জায়গা থাকতে আপনারা আমাদেরকে তা বন্ধ করতে বলছেন কেন?”
তিনি বলেন, “ফর্দো নিরাপদ জায়গা। আমরা এর পেছনে অনেক অর্থ এবং সময় ব্যয় করেছি।”
পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থার কারণে এক বছরেরও বেশি সময় পর এ বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে উত্তেজনা প্রশমনে নতুন করে আলোচনা শুরু করে ইরান ও পশ্চিমা শক্তিধর দেশগুলো।
২৩ মে বাগদাদে আবারো উভয়পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৭০৮ঘ.
bdnews24