ভিয়েনা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়াকে নতুন করে পরমাণু পরীক্ষা না চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যদেশ।
পিয়ংইয়ং খুব শিগগিরিই তৃতীয়বারের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা চালাতে পারে এমন জল্পনার মাঝে বৃহস্পতিবার এ আহ্বান জানাল বিশ্বের শক্তিধর দেশগুলো।
২০০৬ এবং ২০০৯ সালে প্লুটোনিয়াম সমৃদ্ধ পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো উত্তর কোরিয়া এবার আরেকটি পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বলে গত মাসে জানিয়েছেন বেইজিং ও পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর পরিপ্রেক্ষিতে ভিয়েনায় এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন এবং ব্রিটেন বলেছে, আমরা উত্তর কোরিয়াকে আর এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ, এতে করে ওই অঞ্চলের নিরাপত্তায় মারাত্মক উদ্বেগ দেখা দিতে পারে।
বিবৃতিতে গত মাসে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের পদক্ষেপ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৫ বিশ্বশক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮২৮ঘ.
bdnews24