বৈরুত, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিরুদ্ধে বুধবার যুদ্ধাপরাধের অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার সময়টিতে উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দু’সপ্তাহের গোলা হামলায় অন্তত ৯৫ জনকে ঠান্ডা মাথায় হত্যা করাসহ বহু বাড়িঘর ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী।
সিরিয়ায় মার্চ এবং এপ্রিলে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের সহিংসতা বন্ধের চেষ্টা চলার মাঝেই বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর চালানো হামলার সময়টিতে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ।
এক রিপোর্টে নিউইয়র্ক-ভিত্তিক এ মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, “পৃথক ৯ টি ঘটনায় যুদ্ধাপরাধের এ প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ। সরকারি বাহিনী তাদের হেফাজতে থাকা ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর বেশিরভাগই সংঘটিত হয়েছে ৩/৪ এপ্রিল ইদলিবের তাফতানাজ শহরে হামলা চলাকালে।”
হাঁটু গেড়ে বসিয়ে তাদেরকে গুলি করে মারার আলামতও এইচআরডব্লিউর গবেষকরা পেয়েছেন বলে জানানো হয়েছে রিপোর্টে।
এতে আরো বলা হয়, কূটনীতিকরা যখন আনানের শান্তি পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে আলোচনায় ব্যস্ত ঠিক সে সময়টিতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী ইদলিবে একের পর এক শহরে ট্যাংক এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়ে গেছে।
ইদলিবে এপ্রিলের শেষ দিকে মাঠ পর্যায়ে চালানো তদন্ত থেকে বেরিয়ে এসেছে এসব তথ্য।
এইচআরডব্লিউ’র ঊর্ধ্বতন কর্মকর্তা আন্না নেইস্তাত বলেন, “আমরা যেখানেই গেছি সেখানেই চোখে পড়েছে ধ্বংসযজ্ঞ। লোকজনের মুখ থেকে শুনেছি আত্মীয়-পরিজনদের নির্মমভাবে নিহত হওয়ার কথা। তাতে মনে হয়েছে যুদ্ধবিরতিতে অভিযান ব্যাহত হওয়ার চিন্তা করে সিরিয়া বাহিনী অগেভাগেই যতটা সম্ভব প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চেয়েছে।”
প্রতিটি হামলায়ই সরকারি বাহিনী বিপুল সংখ্যক ট্যাংক, হেলিকপ্টার ব্যবহার করেছে এবং এক শহর থেকে আরেক শহরে অভিযান শুরুর আগে একদিন থেকে তিনদিন পর্যন্ত এক জায়গায় অবস্থান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২২ঘ.
bdnews24