মার্কিন দূতাবাস ছেড়েছেন চেন, থাকছেন চীনেই
চীনের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং ছয়দিন পর বুধবার ‘স্বেচ্ছায়’ বেইজিংয়ের মার্কিন দূতাবাস ছেড়েছেন। তবে চীনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। (আরো তথ্যসহ)
চীনের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং ছয়দিন পর বুধবার ‘স্বেচ্ছায়’ বেইজিংয়ের মার্কিন দূতাবাস ছেড়েছেন। তবে চীনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ব্যাপারে চীনের কমিউনিস্ট পার্টির কাছ থেকে অভাবনীয় ছাড় পাওয়ার পরই চেন দূতাবাস ছাড়েন বলে জানানো হয়েছে খবরে।
গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন দৃষ্টিশক্তিহীন চেন গুয়াংচেং। এ নাটকীয় ঘটনার মধ্য দিয়ে তিনি ভিন্নমতাবলম্বীদের ওপর চীন কর্তৃপক্ষের দমনপীড়ন প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছেন।
চীনে তার থাকার বন্দোবস্ত করতে চুক্তিবদ্ধ হয়েছে ওয়াশিংটন-বেইজিংও। ফলে চীনে থেকেই আন্তর্জাতিক পরীক্ষাধীনে সরকারের কার্যকলাপের ওপর চেনের নজরদারির বিষয়টি এর মধ্য দিয়ে নিশ্চিত হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় চেন স্বেচ্ছায় মার্কিন দূতাবাস ছেড়েছেন বলে জানালেও তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছে।
দূতাবাস ছাড়ার পর চেন মার্কিন রাষ্ট্রদূত গেরি লোকে ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বেইজিংয়ের চাওয়িয়াং হাসপাতালের ভিআইপি সেকশনে যান। সেখানে চেনের স্বাস্থ্য পরীক্ষার পর তাকে তার স্ত্রী এবং সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
চেনকে তার পরিবারসহ চীনের একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সত্যিকারের মুক্তির আস্বাদ পেয়ে চেন খুশি জানিয়ে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, তিনি চীন ছেড়ে যাওয়ার কোনো অনুরোধ জানাননি এবং চীনেই থাকতে চান।
কিন্তু চীনা কর্তৃপক্ষ চেনকে সত্যিই কতটা স্বাধীনভাবে চলাফেরা করতে দেবে তা নিয়ে সংশয় রয়েছে।
ওয়াশিংটন বলেছে, চেনের সঙ্গে সরকার কি আচরণ করে তা নিবিড়ভাবে লক্ষ্য রাখবে তারা। চেনের কর্মকাণ্ডকে কোনোভাবে ব্যাহত করার চেষ্টা চললে নতুন করে সংঘাত দেখা দেবে বলেও হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উচ্চ পর্যায়ের বার্ষিক বৈঠকের জন্য চীনে পৌঁছানোর পরপরই চেনের দূতাবাস ছাড়ার এ ঘোষণা এল। একজন মার্কিন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।
হিলারির বৈঠকে এ ঘটনা কালো ছায়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে দুপক্ষের মধ্যে সিরিয়া এবং বাণিজ্য বিষয়ক আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।
দূতাবাসে চেনের আশ্রয়লাভের ঘটনায় ইতোমধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রকে ক্ষমাও চাইতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন এক বিবৃতিতে বলেন, “একথা বলতেই হচ্ছে যে, মার্কিন দূতাবাস অযাচিতভাবে চীনের নাগরিক চেন গুয়াংচেংকে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় চীন চরমভাবে অসন্তুষ্ট।”
এতে আরো বলা হয়, “যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীনের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ। চীন তা মেনে নিতে পারে না। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে। বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে তাদেরকে। দায়ীদের শাস্তি দিতে হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না সে নিশ্চয়তা দিতে হবে।”
বেইজিং এর রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাকের প্রফেসর শি ইংহং বলেন, “যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে এ বিষয়টি যে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে তা যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে।”
তিনি আরো বলেন, “এ পরিস্থিতিতে দু’পক্ষই ঘটনাটির ক্ষতিকর প্রভাব কাটাতে তৎপর থাকবে। তবে সমস্যা সমাধানের পথ দুপক্ষ খুঁজে পাবে কিনা তা নির্ভর করবে উভয়পক্ষের আলোচনা কেমন চলবে তার ওপর।”
