বৈরুত, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। সংঘর্ষে দুই বিদ্রোহী যোদ্ধাও নিহত হয়েছে।
বুধবার উত্তরাঞ্চলীয় আলিপ্পো প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুইজন কর্নেল পর্যায়ের কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
এ ঘটনায় জাতিসংঘের উদ্যেগে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধবিরতির অবস্থা আরো নাজুক হয়ে পড়লো বলে বিশ্লেষকদের ধারণা।
গত ১৩ মাস ধরে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারে দাবিতে সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। এক পর্যায়ে বিদ্রোহে রূপ নেওয়া এ আন্দোলনে জাতিসংঘের হিসাবমতে ৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
অপরদিকে, আসাদ সরকার দাবী করেছে, উল্লেখিত সময়ে বিদেশি সমর্থনপুষ্ট ‘সশস্ত্র জঙ্গি’ হামলায় সরকারী বাহিনীর ৩ হাজার ৫’শ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৪ঘ.
bdnews24