বৈরুত, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যে সহিংসতায় মঙ্গলবার অন্তত ২৩ জন নিহত হয়েছে।
(আরো তথ্যসহ)
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি গ্রামে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর মর্টার বোমা হামলায় নিহত হয়েছে ১০ জন।
অন্যদিকে, পূর্বাঞ্চলীয় দির আল জোর প্রদেশে লড়াইয়ে নিহত হয়েছে ১২ সেনাসহ মোট ১৩ জন।
ইদলিবে নিহতদের ৯ জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
তারা জানায়, নিহতদের মধ্যে ২ জন শিশু। আহত হয়েছে আরো অনেকে। এদের কয়েকজনের অবস্থা গুরুতর।
গত সপ্তাহ জুড়ে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং সোমবারে ইদলিবে বিক্ষিপ্ত সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে ইতোমধ্যেই ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি মঙ্গলবারের মর্টার হামলায় আরেকদফা লঙ্ঘিত হল।
১৯ দিন আগে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই সাময়িক শান্ত অবস্থার পর সহিংসতা আবারো বাড়ছে।
পূর্বাঞ্চলীয় দির আল জোর প্রদেশে একটি সামরিক ঘাঁটির বাইরে মঙ্গলবার সরকার ও বিদ্রোহী পক্ষের তুমুল লড়াইয়ে অন্তত ১২ সেনা নিহত হয়েছে।
নিরাপত্তা বাহিনীর ভারী মেশিনগান ও মর্টারের গোলায় অন্তত একজন অধিবাসী নিহত হওয়া ছাড়াও ধ্বংস হয়েছে একটি স্কুল ভবন।
সেনারা কাছাকাছি কয়েকটি গ্রামে তল্লাশি অভিযানও শুরু করেছে বলে জানায় ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সিরিয়ায় ইতোমধ্যেই কাজ করছেন ৩০ জন জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষক। সপ্তাহ শেষে এ সংখ্যা ৫০ জনে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৯ঘ.
bdnews24