২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নাম বদলাতে চেয়েছিলেন ‘নিরুপায়’ লাদেন

জীবনের শেষ প্রান্তে পৌঁছে নিজের সংগঠন আল কায়দার নাম বদলে ফেলার কথা ভেবেছিলেন ওসামা বিন লাদেন, যাকে ১০ বছর তন্ন তন্ন করে খোঁজার পর হত্যা করে মার্কিন সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জীবনের শেষ প্রান্তে পৌঁছে নিজের সংগঠন আল কায়দার নাম বদলে ফেলার কথা ভেবেছিলেন ওসামা বিন লাদেন, যাকে ১০ বছর তন্ন তন্ন করে খোঁজার পর হত্যা করে মার্কিন সেনারা। গত বছর ১ মে পাকিস্তানের ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে লাদেনের গোপন আস্তানায় ‘অতি গোপন’ অভিযান চালায় মার্কিন নেভি সিল সদস্যরা। ওয়াশিংটনে বসে ওই অভিযান সরাসরি প্রত্যক্ষ ও পরিচালনা করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাবোটাবাদের সেই অভিযান এবং পরের এক বছরে পাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরেন ওবামার সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান উপদেষ্টা জন বার্নান। তিনি বলেন, ২০১১ সালের সেই দিনগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় মার্কিন বাহিনীর ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় অনেকটাই ‘কাবু’ হয়ে এসেছিল আল কায়দা। গোপন ঘাঁটিতে বসে বিন লাদেন সংগঠনের নিহত ‘সেনাপতিদের’ জায়গায় নতুন কাউকে পাঠাতেও পারছিলেন না। অ্যাবোটাবাদে লাদেনের ওই আস্তানা ধ্বংস করে ফেলার আগে মার্কিন সেনারা সেখান থেকে যেসব নথিপত্র উদ্ধার করে এনেছে, তাতেও আল কায়দা প্রতিষ্ঠাতার সেই সময়ের হতাশার চিত্র পাওয়া যায় বলে জন বার্নান জানান। তাকে উদ্ধৃত করে দি টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমির কমব্যাটিং টেরোরিজম সেন্টার চলতি মাসেই সেইসব নথির কিছু অংশ প্রকাশ করবে। এসব নথির এক জায়গায় লাদেন সেই সময়ে দলের জন্য ‘একের পর এক বিপর্যয়’ নেমে আসার কথাও উল্লেখ করেছেন বলে বার্নান জানান। তিনি বলেন, “নতুন সদস্যদের প্রশিক্ষণ দেওয়ারও জায়গা খুঁজে পাচ্ছিল না আল কায়দা। নতুন সদস্য খুঁজে পাওয়াও মুশকিল হয়ে উঠেছিল।.... এক পর্যায়ে সদস্যদের পালানোরও নির্দেশ দিয়েছিলেন আল কায়দা প্রধান।” ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকেই বিন লাদেনকে ধরতে তার পিছনে লেগে ছিল মার্কিন বাহিনী। দীর্ঘ এক দশক ইঁদুর-বিড়াল খেলার পর গত বছরের শুরুর দিকে দেওয়ালে পিঠ ঠেকে যায় লাদেনের। “পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে আল কায়দার নাম বদলে ফেলে নতুন মোড়কে দলকে সংগঠিত করার কথা ভাবছিলেন ওসামা বিন লাদেন”, বলেন বার্নান। লাদেনের এক ঘনিষ্ট বার্তা বাহককে বেশ কয়েক বছর ধরে অনুসরণ করে মার্কিন গোয়েন্দারা ২০০৭ সালে অ্যাবোটাবাদে আল কায়দা প্রধানের ওই আস্তানার খোঁজ পায়। দীর্ঘ প্রস্তুতির পর পকিস্তান সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে ২০১১ সালের ১ মে রাতে শুরু হয় অভিযান। পরদিন সকালে ওসামা বিন লাদেনের নিহত হওয়ার খবরে আলোড়িত হয় পুরো বিশ্ব। বারাক ওবামা সেই দিন অ্যাবোটাবাদের সফল অভিযানকে অভিহিত করেছিলেন ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ন্যায়বিচার’ হিসাবে। আর এর এক বছরের মাথায় সেই সাফল্যের ওপর ভর করেই আরো এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার নির্বাচনী পরিকল্পনা গোছাচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৪১৫ ঘ.