২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে ফেরিডুবি: শতাধিক যাত্রীর সন্ধান মেলেনি

ভারতের আসাম রাজ্যে সোমবার একটি ফেরি দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে শতাধিক। এতে অন্ততপক্ষে ১০৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে এখনো খোঁজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসাম রাজ্যে সোমবার একটি ফেরি দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে শতাধিক। এতে অন্ততপক্ষে ১০৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে এখনো খোঁজ চলছে। ফেরিটিতে প্রায় ৩শ’ যাত্রী ছিল। ব্রহ্মপুত্র নদীতে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে ফেরিটি উল্টে যায় বলে এনডিটিভি জানায়। ঘটনাস্থল থেকে আসামের পুলিশ প্রধান জয়ন্ত নারায়ন চৌধুরী জানান, প্রায় ১শ’ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ৬টি নৌকা নিয়ে ভারতীয় সেনা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। ১২ জন ডুবুরি নিখোঁজদের সন্ধান চালাচ্ছে বলে জানা গেছে। সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে বিএসএফ ও উদ্ধার তৎপরতায় পারদর্শী বিভিন্ন সংস্থার সদস্যরাও এতে অংশ নিয়েছে। দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়ারা জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার কারণে যখন ফেরিটি স্বাভাবিকভাবে চলছিল না তখন চালক ও এর কর্মকর্তাদের নিকটবর্তী কোনো স্থলভাগে ভেড়ানোর অনুরোধ করা হলেও তারা তাতে কর্ণপাত করেনি। একপর্যায়ে ফেরিটি উল্টে যায়। এ অবস্থায় শতাধিক মানুষ আতঙ্কিত হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এতে অনেকে মারা যায় এবং নিখোঁজ হয়। এ ছাড়া আরো অভিযোগ রয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝাই করে ফেরিগুলো চলাচল করে। আর যাত্রীদের কোনো লাইফজ্যাকেটও দেওয়া হয় না। ভারতের উত্তরপূর্বাঞ্চলে এটিই এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। আসামের রাজধানী গোহাটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৫ মাইল) পশ্চিমে ধুবরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেরিটি যাত্রী বোঝাই ছিল। এর ছাদও ছিল মানুষে পরিপূর্ণ। তাদের বেশিরভাগই স্থানীয় কৃষক ও তাদের পরিবারের লোকজন বলে জানা গেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১১৪৮ ঘ.