ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফরে আসার প্রস্তুতি হিসাবে বাংলা শিখছেন ভারতীয় লোকসভার স্পিকার মীরা কুমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের শুরুতেই বাংলায় শুভেচ্ছা জানাতে চান তিনি।
ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজারের খবর, কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ৮০ বছর পূর্তি উপলক্ষে মে মাসের শেষে বাংলাদেশে আসছেন মীরা। এই সফরে বাংলায় বক্তৃতা করার জন্য বাড়িতে কমলা নেহরু গার্লস কলেজের অধ্যক্ষা মিনতি চট্টোপাধ্যায় এবং এক সময়ের অভিনেত্রী আভেরী চৌরের কাছে নিয়মিত বাংলা ভাষার তালিম নিচ্ছেন তিনি।
ভাষা শিক্ষায় এই ‘হাই প্রোফাইল ছাত্রীর’ উন্নতি দেখে মিনতি চট্টোপাধ্যায়ও উচ্ছ্বসিত। আনন্দবাজারকে তিনি বলেন, “ওর শেখার প্রবল আগ্রহ এবং ভাষার ওপরে সাধারণ দক্ষতা দেখে আমি অবাক। সাবলীল ভাবে বাংলা যুক্তাক্ষর সামলাচ্ছেন!”
“নমস্কার। খুব সুন্দর আপনার দেশ। ভারতবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সূচনায় শুদ্ধ বাংলায় এই শুভেচ্ছাবার্তা জানাবেন লোকসভার স্পিকার মীরা কুমার!”, লিখেছে আনন্দবাজার।
সম্পর্কোন্নয়নের চেষ্টায় ৬৭ বছর বয়সী এই সাবেক কূটনীতিবিদের ‘ভাষা কৌশল’ একেবারে নতুন নয়। গত ফেব্র“য়ারিতে পাকিস্তানে যাওয়ার আগেও রীতিমতো ঊর্দু চর্চা করেন তিনি। ইসলামাবাদে নৈশভোজে স্পষ্ট ঊর্দুতে কথা বলে সবাইকে তাক লাগিয়ে দেন। আর বছরের শুরুতে চিলি-উরুগুয়ে-প্যারাগুয়ে সফরে স্প্যানিশও বলেছেন কয়েক ছত্র।
বিহার থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মীরা কুমার সম্প্র্রতি এক সাক্ষাৎকারে বলেন, কূটনৈতিক ক্ষেত্রে সংসদ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেই মনে হচ্ছে তার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা সফরের আগে বাংলা শেখার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম সম্পর্কেও পড়াশোনা করছেন মীরা। ঢাকায় তিনি যে বক্তৃতা করবেন, নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার অংশ বিশেষও তাতে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১০২ ঘ.
bdnews24