২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ইদলিবে বোমা বিস্ফোরণ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ইদলিবে সোমবার দুটি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১শ’ জন। ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

সিরিয়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ইদলিবে সোমবার দুটি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১শ’ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইদলিবে দু’টি আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীর কর্মকর্তারাসহ ৯ জন নিহত হয়েছে।

অপরদিকে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো ওই হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছে।

ইদলিবে বিমান বাহিনীর গোয়েন্দা দপ্তর ও সেনা গোয়েন্দা ভবনের কাছে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই সরকারি বাহিনীর সদস্য।

ওদিকে, সিরিয়ার সরকারি টেলিভিশন জানায়, ইদলিবে সন্ত্রাসীদের দুটি আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। হতাহতের মধ্যে সামরিক ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে।

হামলায় বিধ্বস্ত গাড়ি এবং মৃতদেহ পড়ে থাকার দৃশ্যও দেখানো হয়েছে সরকারি গণমাধ্যমে। একদল লোক বোমা পেতে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন এক নারী।

 

তবে রাষ্ট্রীয় টেলিভিশনে দু’টো বোমা হামলাই আত্মঘাতী হামলাকারীরা চালিয়েছে বলে জানানো হয়েছে। পর্যবেক্ষকরা ইদলিব পরিদর্শনে গেছেন বলেও জানানো হয় খবরে।

রাজধানী দামেস্কের কাছে তিনটি শক্তিশালী বিস্ফোরণের কথাও জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

ওদিকে, দুপক্ষের মধ্যে চলমান অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করতে সিরিয়ায় আরো পর্যবেক্ষক মোতায়েন করছে জাতিসংঘ।

খুব শিগগিরই সিরিয়ায় পর্যবেক্ষকের সংখ্যা ৩০ জনে উত্তীর্ণ করা হবে। জাতিসংঘ আরব লিগ প্রতিনিধি কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুসারে ধাপে ধাপে এ সংখ্যা বাড়িয়ে ৩শ’ করা হবে।

জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড সিরিয়া পৌঁছছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরো ৩০ জন পর্যবেক্ষক সিরিয়া পৌঁছানোর কথা রয়েছে।

অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত অন্তত ৫শ’ জন নিহত হয়েছে বলে কর্মীরা জানান। সহিংসতার জন্য সরকার ও বিরোধীপক্ষ একে অপরকে দোষারোপ করছে।

সিরিয়ায় চলমান সহিংসতা বিষয়ে সতর্ক করে রবার্ট মুড বলেন, “১০জন নিরস্ত্র পর্যবেক্ষক, ৩০ জন, ৩০০ জন এমনকি ১ হাজার পর্যবেক্ষকও এ সমস্যার সমাধান করতে পারবে না।”

তিনি আরো বলেন, “কফি আনান প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং সব ধরনের সহিংসতা কমিয়ে আনতে আমি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৯ঘ.