ওয়াশিংটন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী চেন গুয়াংচেংয়ের গৃহবন্দিত্ব থেকে পলায়ন এবং বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয়ের ঘটনায় পরীক্ষার মুখে পড়েছে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে হিলারি ক্লিনটন তার প্রথম বিদেশ সফরকালে প্রকাশ্যেই বলেছিলেন, বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের সঙ্গে কাজ করে যাওয়ার পথে মানবাধিকার নিয়ে বিরোধকে বাধা হতে দেবে না যুক্তরাষ্ট্র।
কিন্তু এখন সেই মানবাধিকারের প্রশ্নেই চীনের সঙ্গে সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গোষ্ঠীর তথ্যানুযায়ী, চেন গুয়াংচেং এখন আছেন বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের হেফাজতে।
এ পরিস্থিতিতে চীন এখন মানবাধিকার বিরোধকে দূরে সরিয়ে রেখে ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করে যাওয়ার একই হিসাব-নিকাশ করে কিনা তা-ই দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্র।
যদিও চেনের পালানো এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ে থাকার বিষয়টি নিয়ে কোনো পক্ষই এখনো প্রকাশ্যে কিছু বলেনি। পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে ওবামা প্রশাসন।
গত রোববার শানডং প্রদেশের ডংশিগু শহরে নিজ বাড়ি থেকে পালিয়ে যান দৃষ্টিশক্তিহীন চেন গুয়াংচেং। পরে ইউটিউবে পাঠানো এক ভিডিওতে এ খবর জানান তিনি।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের কাছে গৃহবন্দি থাকা অবস্থায় নিজ পরিবারের সদস্যদের নির্যাতিত হওয়ার ঘটনার তদন্ত করারও দাবি জানান চেন।
২০১০ সালের সেপ্টেম্বরে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। ১৯ মাস গৃহবন্দী থাকার পর চেন এমন এক সময়ে পালালেন যখন দুই দেশের কূটনীতিকরা চলতি সপ্তাহে অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে।
বর্তমান সময়ে নানা কূটনৈতিক ইস্যুতেই চীনের সহায়তা কামনা করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে উত্তর কোরিয়া এবং সিরিয়া ইস্যুতে চীনের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে, বাণিজ্য নিয়ে দ্বিপক্ষীয় বিরোধ নিষ্পত্তির বিষয়টিসহ চীনের মুদ্রা এবং তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টিও।
এ বিষয়গুলো নিয়ে একদিকে দুপক্ষের আলোচনার প্রস্তুতি আর অন্যদিকে, চীনের শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের কেলেঙ্কারির ঘটনা সামাল দেওয়ার বেইজিংয়ের চেষ্টার মধ্যে চেন গুয়াংচেং এর ঘটনা গোদের ওপর বিষফোঁড়া।
যুক্তরাষ্ট্রের পক্ষে চেন গুয়াংচেংকে তার ইচ্ছার বিরুদ্ধে চীনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া অসম্ভব বলেই মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
আর সেকারণেই বিশ্লেষকরা বছলেন, চীনের সামনে এখন পথ একটিই, আর তা হলো, চেনের বিষয়টি নিয়ে আপোস মীমাংসায় আসা। নইলে বিষয়টি নিয়ে অচলাবস্থায় ব্যাহত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর পরিসরে চীনের সম্পর্ক।
ফলে চীন আপোসরফার পথেই এগুবে বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। ওবামা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তাও বলেছেন, “তারা সম্পর্ক নষ্ট করে দেবে এটা ভাবা যায় না।”
তিনি আরো বলেন, “এ ব্যাপারটি গোয়েন্দা বিমানের ঘটনা বা তিয়ানআনমেন স্কয়ারের ঘটনার মত নয়। আমার ধারণা, তারা বিষয়টি মিটমাটের চেষ্টা করবে।”
২০০১ সালে চীনা জঙ্গি বিমান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের মধ্যে সংঘর্ষ হলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে ভাটা পড়ে।
এছাড়া, ১৯৮৯ সালে চীনের তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে চীনা সেনারা দমন-পীড়ন চালালে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটে।
আর এবারও চেনের ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বিষয়টি খুব সহজে নিষ্পত্তি হবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
চেন পালানোর পর তার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবদের ওপর ইতোমধ্যেই খড়গহস্ত হয়েছে চীন। তাদেরকে ধরপাকড়, গুম করে অবস্থা শোচনীয় করে তুলছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হয়েছেন চেনের বেশ কিছু সহকর্মী ও বন্ধুবান্ধব। তাদের দফায় দফায় জেরা করছে পুলিশ। নিখোঁজ হয়েছে চেনের পরিবারের বেশকিছু সদস্যও। চেন গুয়াংচেং এবং তার পরিবারের ওপর আরো অত্যাচারেরও আশঙ্কা করা হচ্ছে।
অতীতে চেনের মুক্তি দাবি করেছিলেন হিলারি ক্লিনটন। এ সপ্তাহে পূর্বনির্ধারিত সফরে চীনে যাওয়ার কথা রয়েছে তার। চেনের ঘটনা এ সফরে কালো ছায়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.
bdnews24