লন্ডন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রীষ্মকালীন অলিম্পিকের নিরাপত্তা রক্ষায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তা-ভাবনা করছে যুক্তরাজ্য।
আবাসিক ভবনগুলোর ছাদের ওপর এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে বলে আবাস দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি জানায়, পূর্ব লন্ডনের আবাসিক প্রকল্পে বসবাসরত ৭শ’ মানুষকে লিফলেট দিয়ে জানানো হয়েছে যে, পানির একটি টাওয়ারে আধুনিক দ্রুতগতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে।
এ আবাসিক প্রকল্পটি লন্ডনে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানানোর জন্য সেনাবাহিনীর বিবেচিত কয়েকটি স্থানের মধ্যে অন্যতম।
২০১২ সালের অলিম্পিক গেমসকে আকাশ হামলা থেকে রক্ষার জন্য এসব স্থানে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বাসনোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম লন্ডনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তা-ভাবনা চলছে। আসছে মে মাসে শুরু হচ্ছে লন্ডন অলিম্পিক।
তবে ক্ষেপণাস্ত্র বসানোর পরিকল্পনায় নাখোশ হয়েছে পূর্ব লন্ডনের ওই আবাসিক প্রকল্প বো কোয়ার্টারের কিছু বাসিন্দা। ভিক্টোরিয়ান আমলের একটি ম্যাচ ফ্যাক্টরির জায়গায় প্রকল্পটি গড়ে উঠেছে।
২৮ বছর বয়সী সাংবাদিক ব্রায়ান হুয়িলানের উক্তি,“আগে থেকে কোন কিছু জানানো হলো না, কোন মতামত নেওয়া হলো না। একদিন সকালে ঘুম থেকে উঠে একটি লিফলেট পেলেন আর তা পড়ে জানতে পারলেন আপনার বাসার ছাদে সেনারা ক্ষেপণাস্ত্র বসাতে যাচ্ছে।”
এ ধরনের উদ্যোগকে বাড়াবাড়ি বলে মন্তব্য করে ব্রায়ানের বন্ধু বলেন, “ঘন বসতিপূর্ণ একটি এলাকায় ক্ষেপণাস্ত্র তাক করা হচ্ছে, ভাবাই যায় না।”
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সময় চীনও এ ধরনের ব্যবস্থা নিয়েছিল বলে জানান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের সচিব ফিলিপ হ্যামন্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯১১ঘ.
bdnews24