২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সৌদি আরবের দূতাবাস বন্ধ

মিশরে বিক্ষোভের পর সেখানকার দূতবাস বন্ধ করে দিয়েছে সৌদি আরব। একইসঙ্গে রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

কায়রো, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে বিক্ষোভের পর সেখানকার দূতবাস বন্ধ করে দিয়েছে সৌদি আরব। একইসঙ্গে রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। কায়রোয় সৌদি আরবের দূতাবাসের বাইরে বিক্ষোভের পর নিরাপত্তার কারণে এ পদক্ষেপ নিয়েছে রিয়াদ। সৌদি আরবে আটক মানবাধিকার বিষয়ক আইনজীবী আহমেদ আল-গিজাবির মুক্তির দাবিতে বিক্ষোভ করে মিশরীয় বিক্ষোভকারীরা। বিক্ষোভের পর রাজধানী কায়রোর দূতবাস ছাড়াও আলেক্সান্দ্রিয়া ও সুয়েজে কনসুলেট অফিসও বন্ধ করে দিয়েছে সৌদি আরব। মিশরীয় সংবাদ সংস্থা মেনা এক প্রতিবেদনে জানায়, দূতবাসের বাইরে বিক্ষোভ নিয়ে সৃষ্ট উদ্বেগ সমাধানের জন্য শনিবার সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেন ফিল্ড মার্শাল হুসেন তানতাবি। চলতি মাসের শুরুতে বাদশাহ আব্দুল্লাহকে অবমাননা করার অভিযোগে সৌদি আরবে অবতরণের সঙ্গে সঙ্গে গিজাবিকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকারীরা জানায়, সৌদি কারাগারে থাকা মিশরীয় বন্দিদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করায় মানবাধিকার বিষয়ক এ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। ওদিকে, গিজাবির পরিবার জানিয়েছে ওমরা হজ্জ্ব করার জন্য সৌদি আরব গিয়েছিলেন তিনি। তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দর কর্মকর্তারা মাদক বহনের দায়ে গিজাবিকে আটক করেছে। তাছাড়া, হজ্জ্বের সময় পরিহিত সাদা কাপড় পরণে না থাকায়ও তিনি হজ্জ্বযাত্রী কিনা তা নিয়ে সন্দেহ করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৩ঘ.