ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘সিক্রেট সার্ভিস’ কর্মীদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মকানুন আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র।
নতুন এ নিয়মে বিদেশে কর্মরতদের দায়িত্ব পালনের সময় মদ্যপান, ‘নিন্দনীয় স্থাপনা’য় গমন এবং হোটেল রুমে বিদেশিদের নিয়ে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিবিসি জানায়।
কয়েক সপ্তাহ আগে কলম্বিয়ায় ‘সামিট অব দি আমেরিকাস’ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের আগে এক রাতে হোটেল রুমে যৌনকর্মীদের নিয়ে যাওয়া নিয়ে কেলেঙ্কারির ঘটনায়, বিশৃঙ্খলা ও অসদাচরণের দায়ে অভিযুক্ত হন ১২ জন সিক্রেট সার্ভিস সদস্য। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই নতুন এসব নিয়ম জারি করা হয়।
গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের আচরণ পর্যালোচনার মাধ্যমে এ নিয়মগুলো মেনে চলতে নিজের কর্মীদের প্রতি আহ্বান জানান সিক্রেট সার্ভিসের পরিচালক মার্ক সালিভান।
কলম্বিয়ায় অসদাচরণে অভিযুক্ত ১২ জন কর্মীদের কেউ কেউ পদত্যাগ করেছেন, বাকিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এখন থেকে বিদেশে দায়িত্বপ্রাপ্তদের কর্মস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ‘আওতার বাইরের এলাকা ও স্থাপনা’ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া নির্দিষ্ট কর্মঘণ্টা অথবা দায়িত্বে যোগ দেওয়ার অন্তত ১০ ঘণ্টা আগে থেকে যে কোনো ধরনের মদ্যপানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যান্য সময়ও স্বল্প পরিমাণে মদ্যপান করতে বলা হয়েছে।
কলম্বিয়ার বন্দর নগরী কার্তেজেনায় বারাক ওবামার সফরের সময় সিক্রেট সার্ভিসের ১২ সদস্য একটি স্ট্রিপবারে গিয়ে সারারাত মদ্যপান করে কাটায়।
পরে সেখানকার পাঁচতারকা হোটেল কারিবে’তে নিজেদের কক্ষে কলম্বিয়ান নারীদের নিয়ে আসে তারা। পরদিন সকালে অন্তত ২০ জন কলম্বিয়ান নারীকে ওই কক্ষগুলো থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জেনেট নেপোলিতানো জানান, প্রেসিডেন্ট ওবামার সফরের আগেই অভিযুক্ত কর্মীদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। ফলে প্রেসিডেন্টের নিরাপত্তা বিঘিœত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১০ ঘ.
bdnews24