২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান অ্যাস্টনের মিয়ানমার সফর

মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন তুলে ধরতে ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথেরিন অ্যাস্টন দেশটি সফর করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন তুলে ধরতে ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথেরিন অ্যাস্টন দেশটি সফর করছেন। ইইউ ইয়াঙ্গুনে দূতাবাস পর্যায়ের একটি দপ্তর খুলবে বলে অ্যাস্টনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছেন। তিনি দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেতা অং সাং সুচির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিয়ানমারের সেনাসমর্থিত সরকারের মন্ত্রীদের সঙ্গেও তার আলোচনা করার কথা রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে মিয়ানমারের ‘ঐতিহাসিক পরিবর্তনের’ স্বীকৃতি দিয়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক বছরের জন্য প্রত্যাহার করে ইইউ। তবে, মিয়ানমারে অস্ত্র বিক্রয়ে ইইউ’র নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। এএফপি জানিয়েছে, অং সাং সুচির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অ্যাস্টন বলেন, “এটি পরিবর্তনের একটি প্রক্রিয়া। আমি আশা করছি, এ প্রক্রিয়া সফল করার জন্য যা যা করা দরকার তার সবকিছুই করা হবে আর এর মাধ্যমে প্রক্রিয়াটিকে সব সময় চলামান রাখা হবে।” মিয়ানমারের দুর্গম গ্রামীণ এলাকার উন্নয়নে ইইউ বিনিয়োগ ও বিশেষজ্ঞ নিয়োগ করবে বলে ধারণা করা হচ্ছে। কূটনীতিকরা জানিয়েছেন, ইয়াঙ্গুনে ইইউ’র নতুন দপ্তর থেকে প্রধানত ত্রাণ কর্মসূচীগুলোর ব্যবস্থাপনা তদারক করা হবে, তবে দপ্তরের একটি রাজনৈতিক ভূমিকাও থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৮ ঘ.