মস্কো, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তেল আমদানি নিষেধাজ্ঞা ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর বিপর্যয়ের মাধ্যমে শেষ হবে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া।
শুক্রবার ইরানের ওপর ইইউ’র আরোপিত নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ এই হুঁশিয়ারি দিলেন।
রাষ্ট্রায়াত্ত টেলিভিশন রাশিয়া টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদিও ইইউ’র অনেক দেশ ইরানি তেলের ওপর নির্ভরশীল তারপরও ইরানি তেল ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ।”
“যে কেউ দাবি করে বলতে পারে এই অঞ্চলের অর্থনৈতিক ঘাটতি একদিন কেটে যাবে, কিন্তু তেল শোধনাগারগুলি বিশেষভাবে ইরানি তেলের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার বিকল্প তৈরি করতে প্রচুর বিনিয়োগ প্রয়োজন যা এই মুহূর্তে ইইউ’র পক্ষে যোগানো সম্ভব নয়,” বলেন তিনি।
ইরানের পরমাণু ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জারি করা নিষেধাজ্ঞার চারটি পর্বে এ পর্যন্ত সমর্থন দিয়েছে রাশিয়া। কিন্তু ইরানের ওপর জাতিসংঘ বা অন্য কোনো দেশের বা সংস্থার নতুন কোনো নিষেধাজ্ঞারবিরোধী রাশিয়া। জুলাই থেকে শুরু হওয়া ইইউ’র তেল নিষেধাজ্ঞারও বিরোধী রাশিয়া।
“নিরাপত্তা পরিষদকে এড়িয়ে আমাদের পশ্চিমা মিত্রদের চাপিয়ে দেওয়া এক পাক্ষিক নিষেধাজ্ঞা ইরানের সেই পক্ষকেই শক্তিশালী করবে যারা বিশ্বাস করে পশ্চিমারা কোনো সমস্যার সমাধানের চেয়ে কেবল ক্ষমতার পালাবদল করতেই বেশি পছন্দ করে,” বলেন ল্যাভরোভ।
আসছে মে তে বিশ্বের ছয় বৃহৎ শক্তি রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে ইরানের দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। আলোচনায় নিষেধাজ্ঞার আওতা থেকে বের করার আশ্বাস দিয়ে বিরোধপূর্ণ ইস্যুগুলোতে ইরানকে রাজি করানোর চেষ্টা করা উচিত বলে মনে করেন ল্যাভরোভ।
“ধাপে ধাপে” বিরোধ নিষ্পত্তি করা উচিত বলে মনে করে রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৪ ঘ.
bdnews24