বৈরুত, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার রাজধানী দামেস্কর একটি মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিহত ৯ জনের মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
মিদান এলাকায় মুসল্লিরা জুমার নামাজ শেষে জেইন আল আবিদিন মসজিদ থেকে বেরোনোর সময় একটি ফ্লাইওভারের নীচে বোমা বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর কড়া পাহারার মধ্যেই ঘটে এ হামলা।
হামলাস্থলে নিরাপত্তা কর্মকর্তাদেকে এক অধিবাসী জানান, কাছের একটি রাস্তা থেকে সামরিক বাহিনীর পোশাক পরা একজনকে ঘটনাস্থলে হেঁটে যেতে দেখার কথা জানানো হয়েছিল।
এরপর কয়েকজন সেনা তাকে পাকড়াও করতে গেলে সে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থলে মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে আছে বলে জানান ওই অধিবাসী।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আরেক কর্মী ফোনে রয়টার্সকে বলেন, জেইন আল আবিদিন মসজিদ থেকে প্রায়ই বিক্ষোভ মিছিল হওয়ার কারণে নিরাপত্তা বাহিনী মুসল্লিদের সেখানে জমায়েত হতে বাধা দেয়।
এর কিছুক্ষণ পরই ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শুরু হয়ে যায় লোকজনের চিৎকার-চেঁচামেচি। টেলিভিশন চিত্রে ঘটনাস্থলে ছিন্নবিচ্ছন্ন দেহ পড়ে থাকতে দেখা গেছে।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। মসজিদের কাছে এ আত্মঘাতী হামলার জন্য ‘সন্ত্রাসী’ দের দায়ী করেছে রাষ্ট্রীয় টেলিভিশন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়া যুদ্ধবিরতি মেনে চলছে না বলে সতর্কবার্তা দেওয়ার পর এ সহিংসতার ঘটনা ঘটল।
শুক্রবার এর আগে দামেস্কের অন্য জায়গায় একটি শিল্প এলাকায় আরেকটি বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। তবে এ বিস্ফোরণে হতাহতের ঘটনা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
সিরিয়ার চলমান হামলা, সহিংসতা এবং বোমা বিস্ফোরণের ঘটনা জন্য সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দোষারোপ করছে।
হামা শহরে বোমা বিস্ফোরণের ঘটনার জন্য সিরিয়া সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করেছে। এ বিস্ফোরণে ৭০ জন নিহত হয় বলে জানায় আন্দোলনকর্মীরা।
হামায় বোমা বিস্ফোরণের জন্য “সন্ত্রাসী” বোমা প্রস্তুতকারীদের দায়ী করেছে সিরিয়া সরকার। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জন্য বিদ্রোহী যোদ্ধাদের দায়ী করেছেন তথ্যমন্ত্রী আদনান মাহমুদ। অন্যদিকে, বিদ্রোহীরা বিস্ফোরণের জন্য সরকারের রকেট হামলাকে দায়ী করেছে।
বড় ধরনের বোমা বিস্ফোরণ এবং এ নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি দোষারোপের ঘটনায় সিরিয়ায় দুই সপ্তাহ ধরে চলা জাতিসংঘের নড়বড়ে যুদ্ধবিরতি আরো নাজুক হয়ে উঠেছে।
সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ার অব্যাহত সহিংসতা ও হতাহতের খবরে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। শহরগুলো থেকে ভারী সমরাস্ত্র ও সেনা সরিয়ে না নিয়ে সিরিয়া সরকার প্রতিশ্র“তি ভঙ্গ করছে বলে তিনি অভিযোগ করেন।
যুদ্ধবিরতির শর্তানুযায়ী প্রেসিডেন্ট আসাদ নিজ সেনা ও ট্যাংক বহরকে ব্যারাকে ফেরার নির্দেশ দেননি বলে জাতিসংঘ মহাসচিবের মতো কফি আনানও অভিযোগ করেছেন।
সিরিয়ার যুদ্ধবিরতি কিভাবে কার্যকর করে তোলা যায় সে বিষয়ে বহিঃশক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছে। সিরিয়ায় ১৩ মাস ধরে চলা সহিংসতা বন্ধের উদ্দেশ্যে এ যুদ্ধবিরতির আয়োজন করা হলেও এতে সহিংসতা কমেছে সামান্যই।
জাতিসংঘের হিসাবমতে এই ১৩ মাসে সিরিয়াজুড়ে প্রায় ৯ হাজার মানুষ সরকারী বাহিনীর হাতে নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪৪ঘ.
bdnews24