২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান থেকে সৌদি আরবে লাদেন পরিবার

নিহত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পরিবারের সদস্যরা শুক্রবার ভোরে পাকিস্তান থেকে নিজেদের দেশ সৌদি আরবে পৌঁছেছেন। ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নিউজ ডেস্ক ইসলামাবাদ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিহত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পরিবারের সদস্যরা শুক্রবার ভোরে পাকিস্তান থেকে নিজেদের দেশ সৌদি আরবে পৌঁছেছেন।

তাদের পারিবারিক আইনজীবী আমির খলিল জানান, একটি বিশেষ বিমানে করে তাদের সৌদি আরবে পাঠানো হয়।

গত বছরের ২ মে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর গোপন অভিযানে নিহত হন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। তার বিধবা তিন স্ত্রী ও ১১ সন্তান তখন থেকেই পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছিলেন।

লাদেনের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ কী হবে- তা নিয়ে গত কয়েকমাস ধরেই আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলে। তাদের নিজের দেশে ফেরার মধ্যে দিয়ে আপাতত সেই আলোচনার ইতি ঘটলো।

“হ্যাঁ, একটি বিশেষ বিমানে তাদের সৌদি আরব পাঠানো হয়েছে,” বলেন খলিল।

ইসলামাবাদের যে বাড়িতে লাদেন পরিবারকে আটক রাখা হয়েছিল, সেখানে থেকে সাদা রঙের একটি মিনিভ্যান সবাইকে বিমানবন্দরে নিয়ে যায়। গণমাধ্যম কর্মীরা ভ্যানটি ঘিরে থাকায় লাদেনের দুই স্ত্রী ভ্যানে উঠতে অস্বীকার করেন। পরে গাড়ির জানালাগুলো ঢেকে দেওয়া হলে তারা ভ্যানে ওঠেন।

 

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আদালতের আদেশ অনুসারে বিন লাদেনের পরিবারের ১৪ সদস্যকে পাকিস্তান ত্যাগের অনুমতি দেওয়া হয়।”

“প্রয়োজনীয় নিরাপত্তার মধ্যে একটি অতিথিশালায় পরিবারটিকে রাখা হয়েছিলো। তাদের ইচ্ছা অনুযায়ী আজ তাদের সৌদি আরবে পাঠানো হয়েছে।”

অবৈধভাবে পাকিস্তানে প্রবেশের অভিযোগে চলতি মাসের প্রথম দিকে বিন লাদেনের তিন স্ত্রীকে ৪৫ দিনের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের দিন ৩ মার্চ থেকে তাদের সাজার মেয়াদ শুরু হয়।

সাজার মেয়াদ শেষে তাদের পাকিস্তান ছেড়ে যাওয়ারও আদেশ দিয়েছিল আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/জেকে/১১৪৫ ঘ.