২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সঙ্কটের আশু সমাধানে আশাবাদী সু চি

মিয়ানমারে শপথবাক্য নিয়ে সরকারের সঙ্গে বিরোধীদলের সৃষ্ট সঙ্কটের আশু সমাধানের আশা প্রকাশ করেছেন গণতন্ত্রপন্থি আন্দোলনের নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ইয়াঙ্গুন, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে শপথবাক্য নিয়ে সরকারের সঙ্গে বিরোধীদলের সৃষ্ট সঙ্কটের আশু সমাধানের আশা প্রকাশ করেছেন গণতন্ত্রপন্থি আন্দোলনের নেত্রী অং সান সু চি। শপথ বাক্যের শব্দচয়ন নিয়ে আপত্তি তুলে ২৩ এপ্রিল পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন বর্জন করে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নবনির্বাচিত এমপি’রা। মিয়ানমারে ১লা এপ্রিল পার্লামেন্টের খালি আসনগুলোর উপনির্বাচনে সু চির দলের বিশাল জয়ের পর এটাই সামরিক বাহিনী-সমর্থিত ক্ষমতাসীন দলের সঙ্গে এনএলডি’র সবচেয়ে বড় বিরোধ। সরকারের আমন্ত্রণে শপথ নিতে অস্বীকৃতি জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন সু চি ও তার দল। এরই প্রতিক্রিয়ায় সু চি বৃহস্পতিবার সঙ্কট শিগগিরই সমাধানের আশা প্রকাশ করলেন। ইয়াঙ্গুনে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গ্যালিও তের্জির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আশা করি তেমন কোনো সমস্যা ছাড়া খুব শিগগিরই নির্বিঘেœ এ সমস্যার সমাধান হয়ে যাবে।” এনএলডি এ সমস্যাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চায় না এবং মিয়ানমারের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এখনো প্রেসিডেন্ট থিয়েন শিয়েনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে এনএলডি বদ্ধপরিকর বলেও জানান সু চি। ২০০৮ সালে মিয়ানমারের সামরিক জান্তা প্রবর্তিত সংবিধান ‘রক্ষা’ শব্দটি শপথবাক্যে না বলে ‘সম্মান’ শব্দটি বলতে চায় সু চির দল। সাংবাদিকদের সু চি বলেন, মিয়ানমারের নির্বাচনী আইন ও পার্লামেন্ট সদস্যদের শপথবাক্যের মধ্যকার অসামাঞ্জস্যগুলো খুঁজে দেখার চেষ্টা করছে এনএলডি। “আমরা একেক জায়গায় একেক রকম কথা বলতে চাই না। আর এ জন্যই আমি বিষয়টিকে পদ্ধতিগত বলছি। এসব ক্ষেত্রে সামঞ্জস্য আনতে হবে,” বলেন, সু চি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০১২ঘ.