ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্বাচনী দৌড় থেকে ছিটকে ফেলার সংকল্প নিয়ে প্রচারাভিযান শুরু করেছেন মিট রমনি।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি ইতোমধ্যে আরো পাঁচটি রাজ্যের প্রাইমারিতে জয়লাভের পর তার প্রচারাভিযানের একমাত্র লক্ষ্যে পরিণত হয়েছেন ওবামা।
প্রাইমারি জয়ের প্রতিক্রিয়ায়ই ওবামার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রমনি বলেছেন, নভেম্বরের নির্বাচনের পথে চলার এ সূচনালগ্নে শুরু হচ্ছে তার “নতুন প্রচারাভিযান”।
মঙ্গলবার ওবামার নিন্দা করে এরই মধ্যে সে প্রচারভিযান শুরু করেছেন রমনি।
দুর্বল নেতৃত্ব ও মিথ্যা প্রতিশ্র“তির জন্য ওবামার নিন্দা করে রমনি এ মুহূর্ত থেকেই ‘ভাল আমেরিকা শুরুর’ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, “সাড়ে তিন বছরে প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আমরা কি পেয়েছি? সহজে কিছু মেটানো যায়? বাড়ি বিক্রি বা নতুন বাড়ি সহজে কেনা যাচ্ছে? অবসরে যাওয়ার আগে কি কিছু জমাতে পারছেন? চাকরির ক্ষেত্রে কিছু করতে পারছেন?”
একের পর এক এ প্রশ্নের পর রমনি প্রেসিডেন্ট ওবামার অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। তিনি বলেন, “তারা আমাদের প্রত্যাশা দিচ্ছে আর সেই স্বপ্নকে ধূলিস্যাৎ করছে।”
“আমেরিকায় লোকজন কষ্ট পাচ্ছে। আমরা জানি কোন একটা জায়গায় ভুল হচ্ছে। দেশ পরিচালনার নির্দেশনাসহ কোথাও মারাত্মক ভুল হচ্ছে,” বলেন রমনি।
তিনি আরো বলেন, “এবারের নির্বাচন হবে যে আমেরিকায় আমরা বাস করব তার জন্য। আমি যে আমেরিকার স্বপ্ন দেখি: যেখানে মানুষের প্রকৃত পছন্দের মূল্য থাকবে। যেখানে শিক্ষা, কঠোর পরিশ্রম ও আয় অনুযায়ী চলাকে সম্মানের চোখে দেখা এবং তার মর্যাদা দেয়া হবে।”
৪৩ রাজ্যের প্রাইমারি থেকে ৬শ’ ৯৫ ডেলিগেট পেয়েছেন রমনি। চূড়ান্ত মনোনয়নের জন্য তার প্রয়োজন ১ হাজার ১শ’ ৪৪ ডেলিগেট।
তাছাড়া কয়েক সপ্তাহে আগে প্রধান প্রতিদ্বন্দ্বী রিক সান্তোরাম মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালে রমনির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
ওদিকে, এখনো লড়াই চালিয়ে যাওয়া আরেক প্রতিদ্বন্দ্বী নিউ গিংচিরও ডেলাওয়ার রাজ্যে না জিতলে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার ডেলাওয়ারসহ পাঁচটি রাজ্যের প্রাইমারিতে জিতেন রমনি। এ জয়ের পর নিউ হ্যাম্পশায়ারের ভাষণে নিজেকে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন বিজয়ী দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/১৯৪৮ঘ.
bdnews24