জাতিসংঘ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানুষের মৌলিক অধিকারকে শ্রদ্ধা জানিয়ে মানবাধিকার রক্ষা করে চলার জন্য বাহরাইনকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বাহরাইনের কারাগারে আটক শিয়া আন্দোলনকর্মী আব্দুলহাদি আল-খাজার ১০ সপ্তাহের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বান সরকারের প্রতি এ আহ্বান জানান।
খাজা গত বছর বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এ কারণে তাকেসহ আরো ১৪ জনকে কারাবন্দি করেছে সরকার।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত খাজা গত ৭৬ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। মুক্তি না পওয়া পর্যন্ত আমৃত্যু অনশনের ঘোষণা দিয়েছেন তিনি।
বাহরাইনে ‘সেন্টার ফর হিউম্যান রাইটস’ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে খাজা আন্তর্জাতিক মহলে সুনাম কুড়িয়েছেন।
খাজার অনশন কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে বান মঙ্গলবার তার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে মানবিক পরিস্থিতি বিবেচনায় এ বিষয়টি নিষ্পত্তি করার জন্য বাহরাইন কর্তৃপক্ষকে নতুন করে অনুরোধ জানান।
বিবৃতিতে বাহরাইন পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার চলমান সংঘাত ও হতাহতের ঘটনায়ও বান উদ্বেগ প্রকাশ করেন।
সব পক্ষকে সংযত থাকা এবং অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, “সব ধরনের বন্দিসহ বাহরাইনের জনগণের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।”
বাহরাইনে গত বছর সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
বিদ্রোহ দমন করতে বাহরাইন সরকার সামরিক আইন জারি করার পাশাপাশি সৌদি সেনা মাঠে নামালেও প্রতিনিয়তই চলছে সরকারবিরোধী মিছিল সমাবেশ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ।
সহিংস পন্থায় বিক্ষোভ দমনাভিযান এবং সংস্কারের ক্ষেত্রে ধীরগতির জন্য বিদেশি সরকার, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমালোচনার মুখে পড়েছে বাহরাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৩৯ঘ.
bdnews24