২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া পরিস্থিতিতে কফি আনানের উদ্বেগ

সিরিয়ায় অস্ত্রবিরতির পরও অসহনীয় মাত্রায় সহিংসতা চলতে থাকায় এবং দিন দিনই তা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় অস্ত্রবিরতির পরও অসহনীয় মাত্রায় সহিংসতা চলতে থাকায় এবং দিন দিনই তা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার অধিবেশনে কূটনীতিকদের সামনে এক ব্রিফিংয়ে আনান বলেন, সিরিয়ার শহরগুলোতে জাতিসংঘ পর্যবেক্ষকের সফরের পর সহিংসতা বাড়ায় তিনি উদ্বিগ্ন। ১২ এপ্রিল আনান প্রস্তাবিত ছয়দফা শান্তি পরিকল্পনা মেনে অস্ত্রবিরতি করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার ও বিরোধী পক্ষ। কিন্তু সাম্পতিক ভিডিও ফুটেজে সিরিয়ার দুমায় বিস্ফোরণের দৃশ্য এবং দেশের বিভিন্ন স্থানে রাস্তায় রাস্তায় ট্যাংক দেখা গেছে। আসাদের বিরোধী পক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার সহিংসতায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই হোমসের বাসিন্দা। জাতিসংঘ সিরিয়ায় পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়ে ৩শ’ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আনান বলেন, আন্তর্জাতিক স¤প্রদায় যে প্রত্যাশা করছে সিরিয়ার পুরো পরিস্থিতি তার একেবারে বিপরীত। বিশেষ করে হামা শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় ২০ জনেরও বেশি মানুষ হতাহতের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। “হামা শহরে সহিংসতার এ খবর নিশ্চিত হলে তা খুবই নিন্দনীয় এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না”, বলেন আনান। এ পরিস্থিতিতে জাতিসংঘ পর্যবেক্ষকদের দ্রুত সিরিয়ায় মোতায়েনেরও আহ্বান জানান তিনি। ওদিকে, জাতিসংঘ নিয়োজিত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সুসান রাইস এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা চায় সিরিয়ায় দ্রুত পর্যবেক্ষক মোতায়েন করা হোক। একমাসের মধ্যে অন্তত একশ’ পর্যবেক্ষক সিরিয়ায় যাক সে প্রত্যাশা সবার। তবে অন্তত একজন পর্যবেক্ষককে তার জাতীয়তার জন্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়া। এছাড়া ‘ ফ্রেন্ডস অব সিরিয়া ডেমোক্র্যাটিক গ্র“প’ এর দেশগুলো থেকে জাতিসংঘের কোনো কর্মীকেও গ্রহণ করবে না বলে তারা স্পষ্ট জানিয়েছে বলেও জানান রাইস। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চীনের দুই পর্যবেক্ষক সিরিয়া পৌঁছছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১০ঘ.