২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহতের সংখ্যা বাড়ছে, শান্তি মিশন নিয়ে সংশয়

সিরিয়ায় নিহতের সংখ্যা বাড়তে থাকায় জাতিসংঘ শান্তি পরিকল্পনা বাস্তবায়ন এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনের সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

বৈরুত, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিহতের সংখ্যা বাড়তে থাকায় জাতিসংঘ শান্তি পরিকল্পনা বাস্তবায়ন এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনের সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিরিয়ায় নতুন করে দ্রুতহারে বাড়ছে নিহতের সংখ্যা। সোমবার নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণ ও গুলিতে প্রায় ৭০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই হামা শহরের অধিবাসী। এর আগে রোববারও সিরিয়াজুড়ে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির কারণে কিছুটা শান্ত হয়ে আসা হামা পরিস্থিতি সোমবার নতুন করে অশান্ত হয়ে ওঠে। এ শহরের আরবাইন এলাকায় নিরপত্তা বাহিনী যে তাণ্ডব চালিয়েছে তাতে সহিংসতা আদৌ বন্ধ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সহিংসতার কারণে সিরিয়ায় জাতিসংঘের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন ‘বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হামার পরিস্থিতি এ মিশনের জন্য বিপজ্জনক বলে আভাস দিয়েছে আন্দোলকর্মীরা। জাতিসংঘ সিরিয়ায় পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়ে ৩শ’ জন করতে চাইছে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতি নিয়ে আবার ব্রিফিং দেওয়ার কথা রয়েছে জাতিসংঘ-আরব লিগ শান্তিদূত কফি আনানের। ১২ এপ্রিল সিরিয়ায় জাতিসংঘ সমর্থিত অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর সামগ্রিকভাবে সহিংসতা কমলেও প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার শান্তি পরিকল্পনার প্রধান শর্তগুলো মেনে চলছে না বলে অভিযোগ উঠেছে। সিরিয়ায় সেনারা সোমবার হামার আরবাইনে গোলা ও স্বয়ংক্রিয় অস্ত্র হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করে বলে জানিয়েছেন বিরোধীপক্ষের এক কর্মী। শুধু হামলাই নয় জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষদের সঙ্গে কেউ একত্মতা প্রকাশ করলে তাকে শাস্তি পেতে হচ্ছে বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক আন্দোলনকর্মী। ক্ষেদোক্তি করে আরেক কর্মী বলেন, “পর্যবেক্ষকরা আমাদের ওপর গজব ডেকে এনেছেন। তারা যে এলাকা পরিদর্শন করেন সরকারি বাহিনী সেখানেই হামলা করে। এটা খুবই মর্মান্তিক।” জাতিসংঘের ১১ জন পর্যবেক্ষক বর্তমানে সিরিয়ায় আছে। সুপারভিশন মিশন টু সিরিয়া’র আওতায় ১৪ এপ্রিল মোট ৩০ জন পর্যবেক্ষক পাঠানো নিয়ে একটি প্রস্তাবান পাশ করে জাতিসংঘ। পরে শনিবার আরেকটি প্রস্তাবনা পাশ করে এ সংখ্যা বাড়িয়ে ৩শ’ করা হয়। আগামী সপ্তাহেই সিরিয়ায় তিনশ’ পর্যবেক্ষক মোতায়েনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কফি আনান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৪ঘ