২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের বোমা হামলার নিন্দায় দক্ষিণ সুদান, জাতিসংঘ

সীমান্ত শহরে সুদানের বিমান হামলা ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে নিন্দা করেছে দক্ষিণ সুদান। ওদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

আউটসাইড বেনটিউ, দক্ষিণ সুদান, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্ত শহরে সুদানের বিমান হামলা ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে নিন্দা করেছে দক্ষিণ সুদান। ওদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কার মধ্যে দক্ষিণ সুদানের তেলক্ষেত্রের কাছাকাছি অবস্থিত সীমান্ত শহর বেনতিয়ুর কাছে সোমবার কয়েকটি বোমা হামলা চালায় সুদানের জঙ্গিবিমান। এতে অন্তত তিনজন নিহত হয়। এ হামলার নিন্দা জানিয়ে দক্ষিণ সুদানের সেনাবাহিনী (এসপিএলএ)’র মুখপাত্র ফিলিপ অগার বলেন, “সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির স্পষ্টতই দক্ষিণ সুদানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। নিরীহ মানুষের প্রাণঘাতী এ বেপরোয়া বোমা হামলা বন্ধ করতেই হবে।” ওদিকে, বান কি মুনের প্রেস অফিস থেকেও এক বিবৃতিতে সুদান সরকারকে অবিলম্বে সব লড়াই, সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়েছে, “সামরিক পন্থায় দু’দেশের মধ্যকার সীমান্ত বিরোধের অবসান কোনোভাবেই হতে পারে না।” বান সুদানের প্রেসিডেন্ট বশির এবং দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির উভয়কেই আরো বেশি সংঘাতে জড়িয়ে না পড়ে বরং জরুরি ভিত্তিতে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান। কিন্তু সুদানের প্রেসিডেন্ট বশির দক্ষিণ সুদানের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ সুদান সরকার কেবল বন্দুকের ভাষাই বোঝে। তাই তাদের সঙ্গে আলোচনা চলে না। দক্ষিণ সুদান সীমান্তে কোনো বিমান হামলা চালানোর কথাও বশির অস্বীকার করেন। কিন্তু দুই সুদানের মধ্যকার বিরোধপূর্ণ তেলক্ষেত্র থেকে দক্ষিণ সুদান সেনা প্রত্যাহারের তিনদিন পর সোমবার বেনতিয়ুর কাছে সুদানের বিমান হামলার কথা জানায় স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে রয়টার্সের এক সাংবাদিকও জানান, তিনি বেনতিয়ু ও রুবকোনা শহরের মধ্যকার একটি সেতুর কাছে বিমান থেকে দুটি বোমা পড়তে দেখেছেন। তিনি বলেন, “আমি রুবোকোনা শহরের বাজারের দোকান পুড়তে দেখছি এবং ছোট একটি শিশুর লাশও পুড়তে দেখেছি।” দক্ষিণ সুদানের সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান ম্যাক পল জানান, ওই অঞ্চলে সুদানের দুটি মিগ-২৯ জঙ্গি বিমান থেকে চারটি বোমা ফেলা হয়েছে। তিনি বলেন, “এটা গুরুতরভাবে দক্ষিণ সুদানের ভূ-সীমা লঙ্ঘন। স্পষ্টতই উস্কানি।” তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সুদানের সশস্ত্রবাহিনীর মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষ দুই সুদানকে আবার যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন গৃহযুদ্ধের পর ২০১১ সালের জুলাইয়ে স্বাধীনতা পায় দক্ষিণ সুদান। শুক্রবার বিরোধপূর্ণ তেলক্ষেত্র হেগলিগ থেকে দক্ষিণ সুদান সেনা প্রত্যাহারের কথা জানালে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। কিন্তু এরপরও ভূ-সীমায় সুদান বোমা হামলা করছে বলে অভিযোগ দক্ষিণ সুদানের। এ অভিযোগ অস্বীকার করে আসছে সুদান। ২০০৫ সালে শান্তিচুক্তি অনুসারের এক গণভোটের মাধ্যমে গত বছর জুলাইয়ে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। এর আগে দুই সুদানের কয়েক দশকব্যাপী গৃহযুদ্ধে প্রায় ২০ লাখ লোক প্রাণ হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/০৯২১ঘ.