২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির দাবি মানবে না মিয়ানমারের ক্ষমতাসীন দল

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র দাবি মেনে শপথবাক্য পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী-সমর্থিত ক্ষমতাসীন দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নেইপিতো, মিয়ানমার, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র দাবি মেনে শপথবাক্য পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী-সমর্থিত ক্ষমতাসীন দল। সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নবনির্বাচিত এমপি’দের বয়কটের মধ্য দিয়ে সোমবার শুরু হয় পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন। শপথবাক্য পরিবর্তনের দাবিতে পার্লামেন্ট বর্জন করেন সু চি ও তার দলের এমপি’রা। কিন্তু ক্ষমতাসীন ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি)’র মহাসচিব হেতায় ও জানিয়ে দিয়েছেন, শপথবাক্য পরিবর্তনের কোনো প্রস্তাব আনবে না তার দল। তিনি রয়টার্সকে বলেন, “দেশের উন্নয়নে শপথবাক্যের শব্দচয়ন কোনো প্রভাব ফেলবে না।” ওদিকে, জাপান সফররত মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন শিয়েনও সাংবাদিকদের বলেছেন, শপথবাক্য পরিবর্তনের কোনো পরিকল্পনা তার নেই। সংবাদ সংস্থা কিয়োদো এক প্রতিবেদনে একথা জানিয়েছে। মিয়ানমারে ১ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্টের উপনির্বাচনে এনএলডি থেকে নির্বাচিত হয়েছেন সু চি সহ ৪৩ জন এমপি। সরকারের আমন্ত্রণে ২৩ এপ্রিল পার্লামেন্টে শপথ নেওয়ার কথা তাদের। কিন্তু এরই মধ্যে শপথবাক্যের শব্দচয়নে কিছু রদবদলের দাবি জানায় সু চি’র দল। এ দাবি না মানলে শপথ অনুষ্ঠান বয়কট করা হবে বলে রোববার জানায় এনএলডি। এনএলডি’র বক্তব্য হচ্ছে, তারা শপথ নেবে সংবিধানকে ‘সম্মান’ জানানোর জন্য, সংবিধানকে ‘রক্ষা’ করার জন্য নয়। কেননা, এ সংবিধান রচিত হয়েছে মিয়ানমারের সাবেক সামরিক জান্তার শাসনামলে। এনএলডি’র মুখপাত্র ও নবনির্বাচিত পার্লামেন্ট সদস্য ওহ্ন কাইং বলেন, “শপথ বাক্যের শব্দ চয়নে পরিবর্তন করা হলেই কেবল আমরা পার্লামেন্টে যোগ দেব।” “সংবিধান মেনে চলা এবং অক্ষুন্ন রাখা” নয় বরং “সংবিধান মেনে চলা এবং শ্রদ্ধা প্রদর্শন করা”- এ কথা বলেই এনএলডি’র এমপিরা শপথ নিতে চান। সাবেক জান্তা সরকার প্রণীত মিয়ানমারের বর্তমান সংবিধানকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন সু চি। বর্তমান সংবিধান অনুযায়ী এখনো সামরিক বাহিনীই মিয়ানমারের রাজনীতিতে মূল ভূমিকা পালন করছে বলে সংবিধান নিয়ে এ আপত্তি তুলেছেন তিনি। কিন্তু মিয়ানমারে বর্তমান বেসামরিক সরকার সেনা-সমর্থিত হওয়ার কারণে শপথবাক্যে পরিবর্তন আনা কঠিন হবে বলেই আশঙ্কা করা হচ্ছিল। তবে বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠন শুরু করেছে। এ সংস্কারের জোয়ারে ইইউ মিয়ানমেোর ক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা-ভাবনাও করছে। আর ঠিক এ সময়টিতেই পার্লামেন্টে শপথ পাঠ নিয়ে নতুন করে সরকারের সঙ্গে এনএলডি’র বিরোধ দেখা দিল। এনএলডি অবশ্য এ বিরোধ নিষ্পত্তির আশা ছাড়েনি। কিন্তু তা কিভাবে এবং কবে নাগাদ হতে পারে তা এখনো অনিশ্চিত। ২০০৮ সালে মিয়ানমারের বর্তমান সংবিধান প্রণয়ন করেছে তৎকালীন জান্তা সরকার। ওই সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের উভয় কক্ষে সামরিক বাহিনীর জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষিত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৯ঘ.