২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতা চলছে, যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান

সিরিয়ার সেনারা রোববার দামেস্কর পূর্বাঞ্চলীয় একটি শহরে তাণ্ডব চালিয়েছে। ওদিকে, উত্তরে এক সেনা বহরে বোমা মেরেছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

বৈরুত, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সেনারা রোববার দামেস্কর পূর্বাঞ্চলীয় একটি শহরে তাণ্ডব চালিয়েছে। ওদিকে, উত্তরে এক সেনা বহরে বোমা মেরেছে বিদ্রোহীরা। এ সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতিতে সরকার ও বিরোধী দুপক্ষকেই যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান। সহিংসতা বন্ধে তিনি দুপক্ষকেই জাতিসংঘ পর্যবেক্ষদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহ ধরে সিরিয়ায় রয়েছে একদল জাতিসংঘ পর্যবেক্ষক। ১০ দিন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি কতটা ফলপ্রসূ হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য কাজ করে যাচ্ছেন তারা। এতে সহিংসতা কিছুটা কমলেও রক্তক্ষয়ী সংঘর্ষ এখনো শেষ হয়নি। আসাদ বিরোধীরা বলছে, সেনারা যুদ্ধবিরতি উপেক্ষা করে বিরোধী ঘাঁটিতে গোলা ছুড়ছে। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, “সশস্ত্র সন্ত্রাসী বাহিনী” সরকারী সেনাদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বিরোধী পক্ষ জানিয়েছে, রোববার নিরাপত্তা বাহিনী কমপক্ষে ছয় জনকে হত্যা করেছে। তারা আরো জানায়, সেনারা দৌমা ও দামেস্কর পূর্বাঞ্চলে ট্যাংক সজ্জিত হয়ে দাপিয়ে বেড়িয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে ফাঁকা গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। ওদিকে, সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য প্রাথমিকভাবে আরো ৩শ’ নিরস্ত্র সামরিক পর্যবেক মোতায়েনের অনুমতি দিয়ে শনিবার সর্বসম্মত একটি প্রস্তাবনা পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়া-ইউরোপের এ খসড়া প্রস্তাবনার আওতায় সিরিয়ার নাজুক যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য তিনমাস দেশটিতে অবস্থান করবে জাতিসংঘ পর্যবেক্ষকরা। প্রস্তাবনায় বলা হয়, জাতিসংঘ-আরব লিগ শান্তিদূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুসারে অস্ত্রবিরতির কার্যকারিতা যাচাই করা এবং সহিংসতা বন্ধ হয়েছে কিনা তা দেখাই হবে পর্যবেক্ষণ মিশনের কাজ। সিরিয়া সরকার ও বিরোধী পরে সহিংসতা বন্ধের নমুণা অসম্পূর্ণ এবং তারা শান্তি পরিকল্পনা শর্ত পূরণ না করলে নিরাপত্তা পরিষদ পরবর্তীতে আরো কি পদক্ষেপ নেওয়া যায় তা ভেবে দেখবে বলেও এতে সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া, আগের প্রস্তাবনার মতো এবারও সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষগুলোকে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৪ঘ.