অস্ট্রেলিয়া, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ায় যৌন হয়রানি ও জালিয়াতির অভিযোগের মুখে পার্লামেন্ট স্পিকারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পিটার স্লিপার।
তার বিরুদ্ধে সাবেক এক পুরুষ সহকর্মীকে যৌন হয়রানি করার অভিযোগ আছে। তাছাড়া, তিনি সরকারি অর্থায়নে পরিচালিত ট্যাক্সি সার্ভিসেরও অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছে।
পিটার সব অভিযোগ অস্বীকার করলেও পুলিশী তদন্ত শেষ না হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পিটারের স্থলাভিষিক্ত হচ্ছেন তার সহকারী লেবার এমপি আনা ব্র“ক।
ওদিকে, পিটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন যৌন হয়রানির শিকার হওয়া সাবেক সমকামী পুরুষ সহকর্মী জেমস অ্যাশবি। পিটারের বিরুদ্ধে ফোনে অনৈতিক বার্তা পাঠনো এবং অশ্লীল মন্তব্য করার অভিযোগ এনেছেন তিনি।
পিটারের বিরুদ্ধে মামলা হলে আরেকদফায় বিপাকে পড়বে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের নাজুক সরকার। ক্ষমতাসীন লেবার পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সরকার ইতোমধ্যেই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
স্বতন্ত্র একজন এমপি হিসাবে ক্ষমতাসীন দলে পিটারের সমর্থন গিলার্ডের সরকারের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখায় সহায়ক ছিল। কিন্তু এ কেলেঙ্কারির কারণে শেষ পর্যন্ত তাকে তার আসন থেকে সরে দাঁড়াতে হলে সরকারকে অনাস্থা ভোটের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এবি/এলকিউ/২০১৯ঘ.
bdnews24