২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মুখেও ফর্মূলা ওয়ান প্রতিযোগিতা বাহরাইনে

বাহরাইনে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের মুখেও রোববার ফর্মূলা ওয়ান প্রতিযোগিতা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

মানামা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের মুখেও রোববার ফর্মূলা ওয়ান প্রতিযোগিতা হয়েছে। প্রতিবাদকারীরা গাড়ির আন্তর্জাতিক এই প্রতিযোগিতাকে শাসক পরিবারের জাঁকজমকের রুচিহীন প্রদর্শনী বলে নিন্দা জানিয়েছে। কিন্তু এরপরও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কর্তৃপক্ষ এ প্রতিযোগিতা অনুষ্ঠান করেছে। ফর্মূলা ওয়ান আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে পুলিশের সংঘর্ষ চলছে। রাতে চলা এসব সংঘর্ষে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ছোড়ে। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, রবার বুলেট ও ছড়ড়া গুলি ছুড়ে। বাইরে জোরালো বিক্ষোভ চললেও কঠোর নিরাপত্তার মধ্যে আয়োজিত ফর্মূলা ওয়ানে তার প্রভাব পড়েছে কমই। গত বছর সরকার বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিলাসবহুল এ প্রতিযোগিতা বাতিল করা হয়েছিল। সরকার বিরোধী আন্দোলন দমন করার পর বর্তমানে বাহরাইনের জীবনযাত্রা স্বাভাবিক- এ প্রতিযোগিতা ভালভাবে আয়োজন করে তা প্রমাণ করতে চেয়েছে সরকার। প্রতিযোগিতার আয়োজনে বাহরাইন সরকার ৪ কোটি ডলার ব্যয় করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিযোগিতায় ১ লাখেরও বেশি দর্শক সমাগমের আশা প্রকাশ করে কর্তৃপক্ষ। ২০০৪ সালে যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল- খলিফা বাহরাইনে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেন। এরপর থেকে ক্ষমতাসীন রাজ পরিবারের জন্যে এটা একটা গর্বের বিষয়ে পরিণত হয়েছে। শনিবার রাতে সালাল আব্বাস হাবিব (৩৬) নামের এক বিক্ষোভকারীর মৃত্যুকে কেন্দ্র করে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিয়াদের অভিযোগ, ক্ষমতাসীন সুন্নিরা তাদেরকে ক্ষমতাহীন করে রেখেছে। গত বছর ‘আরব বসন্তের’ প্রভাবে বাহরাইনে ক্ষমতাসীন শাসক পরিবারের বিরুদ্ধে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলন কঠোরভাবে দমন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৮২৫ঘ.