২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে জনগণ। সরকারি হিসাবে নির্বাচনে ভোট দিয়েছে ৭০ শতাংশ ভোটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

প্যারিস, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে জনগণ। সরকারি হিসাবে নির্বাচনে ভোট দিয়েছে ৭০ শতাংশ ভোটার। ইউরোজোনের ঋণ সংকট এবং বেকারত্ব নিয়ে চরম অর্থনৈতিক উদ্বেগের মধ্যে অনুষ্ঠিত হল এ নির্বাচন। এতে বিপুল সংখ্যক ভোটারের ভোট বিরোধীদলীয় প্রার্থীর অনুকূলেই যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। এতে ফ্রান্সে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ পেতে ব্যর্থ হত পারেন নিকোলা সারকোজি। মধ্য-ডানপন্থি সারকোজি এ নির্বাচনে আবারো জয়ী হতে চান। কিন্তু প্রতিপক্ষ ফ্রাঁসোয়া হোল্যান্দের কঠিন চ্যালেঞ্জের মুখে আছেন তিনি। হোল্যান্দ বলছেন, এবার ক্ষমতায় যাবে বামরা। নির্বাচনে ১০ প্রার্থীর মধ্যে সারকোজির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন হোল্যান্দ। প্রথম দফা ভোটে ১০ প্রার্থীর মধ্যে কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পেলে চলতি বছর ৬ মে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। মূল ভূ-খণ্ড ফ্রান্স ও কোরসিকায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চললেও বড় শহরগুলোতে এ সময় আরো দু’ ঘণ্টা বাড়ানো হয়। সর্বশেষ ভোটকেন্দ্রে ভোট শেষের পরই নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচনের প্রচারাভিযানে গুরুত্ব পেয়েছে অর্থনীতি। প্রধান দুই প্রার্থীই সুষম বাজেট করার অঙ্গীকার করলেও প্রবৃদ্ধির ওপর জোর দিয়েছেন হোল্যান্দ। জনমত জরিপে দেখা গেছে, এই দুই প্রার্থী জোরালো প্রচারণা চালালেও হোল্যান্দেরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। জয়ী হলে তিনিই হবেন ফ্রাঁসোয়া মিতরের পর ফ্রান্সের প্রথম বামপন্থি প্রেসিডেন্ট। মিতরে ১৯৮১-১৯৯৫ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। জরিপে বলা হয়েছে, ডানপন্থী প্রার্থী মেরিন লো পেন ও বামপন্থী প্রার্থী জ্যঁ-লুক মেলেনচন যথাক্রমে ১৭ শতাংশ এবং ১৪-১৫ শতাংশ ভোট পেতে পারেন। আর নির্বাচনী ফল অনুযায়ী পঞ্চম অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে মধ্যমপন্থী প্রার্থী ফ্রঁসোয়া বেইরোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫৬ঘ.