২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ছাড়ায় নিষেধাজ্ঞা বিমান মালিকের

ইসলামাবাদে বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জনের নিহতের ঘটনায় ওই বিমান মালিকের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামাবাদে বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জনের নিহতের ঘটনায় ওই বিমান মালিকের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বিমান বিধস্তের পূর্ণ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, তদন্তে সহযোগিতা নিশ্চিত করার জন্য ভোজা এয়ারলাইনসের মালিক ফারুক ভোজার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধান হবে জানিয়ে তিনি বলেন, “ব্যবস্থা নেওয়া হবে এবং আপনারা তা দেখতে পাবেন। আমি আপনাদের কথা দিলাম।” শুক্রবার ইসলামাবাদের বেনজীর ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে কাছের একটি আবাসিক এলাকায় ভোজা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জন আরোহী নিহত হয়। ইসলামাবাদের কাছে হুসাইন আবেদ গ্রামের একটি গম ক্ষেতে ওই বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক নাদিম খান ইউসুফজাই বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হবে। ইঞ্জিন বিকল হয়ে না কি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে তা বের করা হবে। তদন্তে বিমানটি কতদিন আগের সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এভিয়েশনসেফটি ডট নেটের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-২০০ বিমানটি ২৭ বছরেরও বেশি সময় আগের। ১৯৯৩ সালে ভোজা এয়ারলাইনসের যাত্রা শুরু হলেও আর্থিক সঙ্কটের কারণে আট বছরের মাথায় তার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর গত মাস থেকে শুধু অভ্যন্তরীণ ফ্লাইট চালু করে তারা। বিমানটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করে তদন্তকারীদের কাছে তা হস্তান্তর করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সামাব আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বিমানটি আছড়ে পড়ে আগুন ধরে যেতে দেখেছি। এটি একটি ভবনের ওপর পড়েছে এবং তা হয়তো আবাসিক ভবন।” উদ্ধারকাজ তদারককারী ব্রিগেডিয়ার সরফরাজ আলী বলেন, “লাশগুলোর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সেগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২১২৫ ঘ.