২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞাত চর্মরোগে ভিয়েতনামে ১৯ জনের মৃত্যু

ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি অজ্ঞাত চর্মরোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে রোগটিতে আক্রান্ত ১৯ জন মানুষ মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

হ্যানয়, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি অজ্ঞাত চর্মরোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে রোগটিতে আক্রান্ত ১৯ জন মানুষ মারা গেছে। শনিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘দৈনিক শ্রমজীবী’তে (এনগুয়োই লাও দং) এ খবর প্রকাশ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রণালয় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা কামনা করেছে বলে জানিয়েছে দৈনিকটি। গত এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম এ রোগের প্রাদুর্ভাবের কথা জানা যায়। চিকিৎসকরা তখন রোগটির কারণ শনাক্ত করতে পারেন নি। এরমধ্যে রোগটি মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকার জেলা কুয়াং এনগাইয়ে আবার আবির্ভূত হয়েছে। এতে আক্রান্ত ১৭ ব্যক্তি মারা গেলে কুয়াং এনগাই জেলার গ্রামগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই এলাকার একটি গ্রামের ১৭১ জন বাসিন্দার সবাই রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের হাত ও পাঁয়ের গোড়ালিতে সংক্রমণ হয়েছে। গ্রামটিতে ওই রোগে আক্রান্ত একজন মারা যাওয়ার গ্রামবাসীদের মধ্যে প্রবল আতঙ্ক বিরাজ করছে। রোগের কারণ উদঘাটনের জন্য ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বিশেষজ্ঞদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বলে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থান লং জানান। তিনি আরো জানান, আক্রান্তদের মৃত্যুর হার কমানোর জন্য স্বাস্থ্য কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আক্রান্তদের প্রতি ১০ জনের মধ্যে এক জনের মারাত্মক যকৃতের সমস্যা দেখা দিয়েছে। কেঁটে যাওয়া চামড়ার সংস্পর্শ ছাড়া রোগটি সংক্রমিত হয় না বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪১ ঘ.