২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন’

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীন কিছুটা সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীন কিছুটা সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা। বৃহস্পতিবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান। উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ পরীক্ষা চালানোতে ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর এমন মন্তব্য করলেন তিনি। উত্তর কোরিয়ার ওই পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। কেননা, এই পরীক্ষার মধ্যদিয়ে দেশটি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায়র পাঁয়তারা বলেই মনে করছে অনেকে। ‘বাণিজ্য ও প্রযুক্তি বিনিময়’র মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীন সহায়তা করছে কিনা জানতে চাইলে প্যানেট্টা বলেন, “চীন যে কিছু সাহায্য করেছে সে বিষয়ে আমি নিশ্চিত। তবে সহায়তার সঠিক মাত্রাটা আমি জানিনা।” উত্তর কোরিয়াকে চীনের সহযোগিতার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অবশ্য বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, “উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ ও পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন যে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এ কারণেই উত্তর কোরিয়া ও এদের কর্মকাণ্ডকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি আমরা।” ২০০৬-২০০৯ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক কর্মকাণ্ড ও সেদেশে ভারি অস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীনসহ বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বেইজিং এ আইন ভঙ্গের কথা অস্বীকার করেছে। উত্তর কোরিয়ার বিষয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় ‘সংলাপ ও যোগাযোগ’র আহ্বান জানিয়েছে চীন। এদিকে উত্তর কোরিয়া কখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বীকৃতি দেয়নি বলে বৃহস্পতিবার জানিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নিন্দার মুখে পিয়ংইয়ং জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে প্রস্তুত রয়েছে। তাদের এ ঘোষণায় আরো একটি পরমাণু পরীক্ষা চালানোর সম্ভাবনা দেখা দিয়েছে। কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্য ওই রকেট উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয়েছিলো বলে দাবি করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৯ ঘ.