ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন’র সাময়িকী সম্পাদক মুর্তজা রাজভীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে করাচির সুরক্ষিত এলাকার একটি অ্যাপার্টমেন্টে রাজভীর মৃতদেহ পাওয়া যায় বলে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সহযোগী সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।
তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। বুধবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তার স্ত্রী জানিয়েছেন।
অ্যাপার্টমেন্টের একটি স্টুডিওতে তার স্ত্রী ও চিত্রশিল্পী শহীদ রিসাম প্রথমে রাজভীর মৃতদেহ দেখতে পান। স্টুডিওটি রিসামের বলে প্রতিবেদনে বলা হয়।
ময়না তদন্তের জন্য তার লাশ জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।
কলামনিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাজভীর খ্যাতি রয়েছে। ২০০৫ থেকে ২০০৭ সাল মেয়াদে লাহোরে ডন’র আবাসিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররাফের রাজনৈতিক জীবন নিয়ে ‘মুশাররাফ: দ্য ইয়ার্স ইন পাওয়ার’ এবং পাকিস্তানের সমাজ, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে সাধারণ মানুষের ভাবনা সম্বলিত ‘অর্ডিনারি পিপল’ নামে দুটি বই রয়েছে এই সাংবাদিকের।
লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতীয় ও ইসলামের ইতিহাস বিষয়ে øাতকোত্তর এবং যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর ডিগ্রি নেন রাজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১৩৪ ঘ.
bdnews24