বাগদাদ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকজুড়ে বিভিন্ন শহরে বৃহস্পতিবার ২০ টিরও বেশি বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫০ জন।
রাজধানী বাগদাদে তিনটি গাড়িবোমা বিস্ফোরণ, রাস্তার ধারে পেতে রাখা দু’টি বোমা এবং একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের কয়েকটি সূত্র।
প্রধানত শিয়া এলাকাগুলোতে এ হামলা হয়। কিরকুক শহরে দুটো গাড়িবোমা এবং রাস্তার ধারে পেতে রাখা তিনটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে ২৬ জন। পুলিশ ও সেনাপ্রহরাকেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
বাগদাদে সবচেয়ে বড় হামলাটি হয়েছে খাদিমিয়ায়। সেখানে একটি গাড়ি বোমা হামলায় ৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়।
হাইফা এলাকায় স্বাস্থ্যমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় নিহত হয় আরো দুইজন এবং আহত হয় মন্ত্রীর অন্তত ৪ রক্ষী। পুলিশ একথা জানায়।
বাকুবার পশ্চিমে হাদিদ শহরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে এক পুলিশ। আনবার প্রদেশে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরো ৪ জন।
এছাড়াও বাকুবা, মসুল, দিবিস, তাজি, ফাল্লুজা, বাগদাদের আমিল, প্যালেস্টাইন স্ট্রিট এবং জাফারানিয়ায় গাড়িবোমা ও রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ হয়েছে।
দিবিসে গাড়িবোমায় এক পথচারী নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এ হামলা খুব সম্ভবত আল কায়েদারই কাজ বলে জানিয়েছেন বাগদাদের সামরিক কমান্ডের মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৪ঘ.
bdnews24