ইসলামাবাদ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবারকে আর কয়েকদিন পর পাকিস্তান থেকে দেশে ফেরত পাঠানো হবে।
বুধবারই তারা পাকিস্তান ছাড়বে বলে জল্পনা চলছিল। কিন্তু হস্তান্তর প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় আরো কিছুদিন সময় লাগছে বলে জানিয়েছেন বিন লাদেনের শ্যালক।
২০১১ সালের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। এরপর থেকে লাদেনের তিন স্ত্রী ও দুই সন্তান পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে।
অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ ও বসবাসের অভিযোগে চলতি বছর এপ্রিলে তাদের দেড়মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সাজার মেয়াদ শেষ হলেই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। চলতি বছর ৩ মার্চে গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের সাজার মেয়াদ শুরু হয়েছে।
বিন লাদেন নিহত হওয়ার পর তার ইয়েমেনি স্ত্রী আমল-আল সাদেহ ও সন্তানরাসহ ১৬ জনকে আটক করে পাকিস্তান। আটক হয় লাদেনের সৌদি বংশোদ্ভুত দুই স্ত্রীও ।
বুধবার লাদেনের স্ত্রী ও সন্তানদের সৌদি আরব এবং ইয়েমেনে পাঠানোর কথা ছিলো। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে সৌদি আরব ও ইয়েমেনের দূতাবাসের কাগজপত্রের কাজ বাকী আছে বলে জানান লাদেনের শ্যালক জাকারিয়া আল-সাদেহ।
তিনি রয়টার্সকে বলেন, “আমাদের আরো কিছু দিন সময় লাগবে। আমরা সময় চেয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৭ঘ.
bdnews24