২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নিন্দার জবাব দেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়া নিয়ে আন্তর্জাতিক নিন্দাবাদের মুখে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

সিউল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়া নিয়ে আন্তর্জাতিক নিন্দাবাদের মুখে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দেওয়া এ হুমকিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালাতে যাচ্ছে এমন সন্দেহই আরো ঘনীভূত হচ্ছে। হুমকির পাশাপাশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের উত্তর কোরিয়ায় প্রবেশের অনুমতি চুক্তিও দেশটি পরিহার করেছে। উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দেওয়া স্থগিত করার কারণেই ওই চুক্তি থেকে বেরিয়ে এল দেশটি। রকেট উৎক্ষেপণকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাঁয়তারা মনে করে উত্তর কোরিয়ায় খাদ্য সহায়তা দেওয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। একে বৈরি পদক্ষেপ আখ্যা দিয়ে উত্তর কোরিয়া বলেছে, ২৯ ফেব্র“য়ারির চুক্তি তারা আর মেনে চলতে বাধ্য নয়। কী ধরনের পাল্টা জবাব দেবে সে বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে বলেছে, “চুক্তিমুক্ত হয়ে আমরা এখন পাল্টা জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হলাম।” অনেক বিশ্লে¬ষকই মনে করছেন উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালাবে। আর এবারই তারা প্রথম উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে তৈরি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে বলেই ধারণা করছেন তারা। উত্ত কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধ পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অনেকদিন থেকে ধারণা করে আসা হলেও মাত্র দুবছর আগে বিষয়টি প্রকাশ্যে জানিয়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক বিক সেয়ং-জু বলেন, “উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালালে তা প্লুটোনিয়াম না ইউরেনিয়াম সমৃদ্ধ হবে। আর এর মধ্য দিয়ে দেশটি বিশ্ববাসীর সামনে তাদের নতুন পরমাণু শক্তি জাহির করবে।” দূরপাল্লার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়ে বিব্রত উত্তর কোরিয়া সামরিক শক্তি জাহির করতে পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে আগেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যে নতুন করে হুমকি দিয়ে দেশটি সে আশঙ্কা আরো দৃঢ় করেছে। প্রতিষ্ঠাতা প্রয়াত কিম ইল সাঙের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কক্ষপথে আবহাওয়া উপগ্রহ পাঠানোর কথা বলে রকেট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। কিন্তু শেষ পর্যন্ত তা বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৫ঘ.