কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অন্তিম যাত্রায় সাগর পাড়ের উৎক্ষেপণ মঞ্চ থেকে না উড়ে একটি বোয়িং ৭৪৭ ক্যারিয়ার জেট এর পিঠে চড়ে ওয়াশিংটন পাড়ি দিয়ে জাদুঘরে গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান ডিসকভারি।
এটি এখন শোভা পাবে ভার্জিনিয়ার ‘স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়ামে’। মঙ্গলবার ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ডিসকভারিকে নিয়ে যাত্রা শুরু করে বোয়িংটি।
যাত্রা শুরুর সময় বিশেষ কায়দায় ৭৪৭ ক্যারিয়ার জেটের পিঠে চাপানো হয় ডিসকভারিকে। তারপর এর জানালাগুলো ঢেকে দিয়ে লেজটি ঢাকা হয় বায়ুপ্রবাহ সহায়ক একটি কোণাকৃতি আচ্ছাদন দিয়ে।
ক্যাপিটল হিলের ন্যাশনাল মলে অপেক্ষমাণ দর্শনার্থীদের ওপর চক্কর দিয়ে ডিসকভারিকে বহনকারী বোয়িং জেটটি সকাল ১১ টার একটু পর ওয়াশিংটন ডিসির কয়েকমাইল দূরে ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখান থেকেই কাছাকাছি অবস্থিত স্মথসোনিয়ান ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়ামে নিয়ে যাওয়ার কথা ডিসকভারিকে।
“মন খারাপ হচ্ছে,” বলেন সাবেক নভচারী মাইক মুলেন। স্পেস শাটলে চড়ে তিন বার তিনি মহাকাশ পাড়ি দিয়েছেন।
“যখন শাটল মহাকাশযান প্রথম যাত্রা শুরু করে, তখন মনে হয়েছিল এ অভিযান কখনো শেষ হবে না। কিন্তু আমাদের সবাইকেই যেতে হয়,” বলেন তিনি।
পৃথিবীর কক্ষপথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নির্মাণকাজ শেষ হওয়ার পর গত বছর ‘শাটল’ মহাকাশযান কর্মসূচির অবসান ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বিশ্বের ১৫ টি রাষ্ট্রের সম্মিলিত উদ্যেগে বহু ডলার ব্যয়ে নির্মিত হয় মহাকাশ স্টেশনটি।
১৯৮৪ সাল থেকে মহাকাশে নভচারীদের নিয়ে যাওয়া শুরু করেছিল ডিসকভারি। শাটল বহরের অপর দুই মহাকাশযান হলো এনডেভার ও আটলান্টিস। শাটল বহরের অনন্য বৈশিষ্ট্য ছিলো এই যে, তা নভচারীদের নিয়ে মহাকাশে যাত্রা করে ফেরার পর সাধারণ বিমানের মতো রানওয়েতে অবতরণ করতে পারত।
চলতি বছরের শেষ দিকে এনডেভারকে লস এঞ্জেলেসে ‘ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টারে’ প্রদর্শনীর জন্য রাখা হবে। আর আটলান্টিসকে ফ্লোরিডার ‘কেনেডি স্পেস সেন্টার ভিজিটর কমপ্লেক্সে’ রাখা হবে।
শাটল কর্মসূচি বন্ধ করার পর মহাকাশ স্টেশনে নভচারীদের পাঠানোর জন্য নতুন প্রজন্মের মহাকাশযান নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১১ঘ.
bdnews24