নিউ ইয়র্ক, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফে (৮১) প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে প্রথম পর্যায়ে থাকায় এই ক্যান্সার তার জীবনের জন্য হুমকি হয়ে ওঠেনি।
মঙ্গলবার এক বিবৃতিতে নিজেই এ রোগের কথা জানান বার্কশায়ার হাথঅ্যাওয়ে ইঙ্কের প্রধান নির্বাহী ওয়ারেন।
তিনি বলেন, জুলাই মাসের মাঝামাঝি থেকে দুই মাসের চিকিৎসা শুরু হবে। আর এ সময়ে সফর করার ক্ষমতা সীমিত হয়ে যাবে বলেও জানান তিনি।
চিকিৎসকরা জানান, রোগটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর তাই তার সেরে ওঠার ভবিষ্যদ্বাণীও করছেন তারা।
মার্কিন সিনেটে রিপাবলিকানরা ‘বাফেট আইন’ প্রত্যাখ্যানের একদিন পরই এমন ঘোষণা দিলেন তিনি। গত বছর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে ওয়ারেন কোটিপতিদের আয়কর বিষয়ে মতামত প্রকাশ করেন।
ওয়ারেনের এ ঘোষণার বার্কশায়ার হাথঅ্যাওয়েতে তার উত্তরসূরী নির্বাচন নিয়ে চলমান বিতর্কও আরো জোড়ালো হতে পারে।
ফেব্রুয়ারি মাসে বিনিয়োগকারীদের ওয়ারেন জানান, কোম্পানি তার উত্তরসূরী নির্বাচন করেছে। তবে কাকে নির্বাচন করা হয়েছে সে বিষয়ে কিছু জানান নি তিনি। এরপর তিনি বলেন, কাকে নির্বাচন করা হয়েছে তা কেউ জানেনা, এমনকি তিনিও জানেন না।
চিকিৎসকরা জানান, পরিস্থিতি অনিশ্চিত নয় এবং এ বয়সেও ওয়ারেনের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও সিয়াটল ক্যান্সার কেয়ার অ্যালায়েন্সের ইউরোলজিক্যাল অনকোলোজিস্ট জোনাথন রিট বলেন, “ক্যান্সারটা নিরাময়ের পর্যায়ে রয়েছে।”
এদিকে ক্যান্সারের ঘোষণা দেওয়ায় ওয়ারেনের কোম্পানির শেয়ারের মূল্য ১.৫ শতাংশ কমে গেছে।
আমেরিকান ক্যান্সার সোসাইটির হিসেব অনুযায়ী, আমেরিকার প্রতি ছয়জন ব্যক্তির মধ্যে একজনের এ ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আর এ ক্যান্সারে আক্রান্তদের মধ্যে গড়ে ৩৬ জনে মাত্র একজন মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৫ ঘ.
bdnews24