ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে ভর্তি হয়েছেন সাহিত্যে নোবেল বিজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি সোমবার হামবুর্গ হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জার্মানির বহুল প্রচারিত ‘বিল্ড’ পত্রিকা মঙ্গলবার একথা জানিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পত্রিকাটি।
তবে গ্রাসের সহকারি হিল্কে ওসোলিং এদিন জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য পূর্ব পরিকল্পনামফিকই হাসপাতালে ভর্তি হয়েছেন গ্রাস।
গত সপ্তাহে ইসরায়েলকে কটাক্ষ করে লেখা ‘হোয়াট মাস্ট বি সেইড’ কবিতার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন গুন্টার গ্রাস (৮৪)।
এ কবিতায় ইসরায়েলের পরমাণু কর্মসূচি বিষয়ে পশ্চিমা বিশ্বের নীরব থাকা নিয়ে সমালোচনা করার পাশাপাশি ইরানসহ বিশ্ব শান্তির জন্য ইসরায়েলকে হুমকি হিসাবে তুলে ধরেন তিনি।
চলতি বছর ৪ এপ্রিল কবিতাটি প্রকাশিত হয়। এর জেরে ইসরায়েল গ্রাসকে অবাঞ্ছিতও ঘোষণা করে।
এ ঘটনার কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন তিনি। তবে এ সপ্তাহ শেষেই তাকে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ওসোলিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৮ঘ.
bdnews24