ওয়াশিংটন, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনপ্রিয়তার দৌড়ে একমাস আগেও সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী রমনি ডেমক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে ১১ পয়েন্ট পিছিয়ে ছিলেন। কিন্তু মাত্র এক মাসের মধ্যে দু'জনের ব্যবধান মাত্র ৪ পয়েন্টে নেমে এসেছে।
সোমবার প্রকাশিত রয়টার্স, ইপসোস এর এক যৌথ জরিপে বিষয়টি প্রকাশ পেয়েছে।
১২ - ১৫ এপ্রিল পর্যন্ত টেলিফোনে পরিচালিত ওই জরিপে ৪৭ শতাংশ ভোটার ওবামার প্রতি সমর্থন জানিয়েছেন, আর রমনির প্রতি সমর্থন জানিয়েছেন ৪৩ শতাংশ ভোটার।
গত ৮-১১ মার্চ একই প্রতিষ্ঠানের চালানো আগের জরিপে ওবামার পক্ষে সমর্থন ছিল ৫২ শতাংশ ভোটারের আর রমনির প্রতি ৪১ শতাংশের।
আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কর্মসংস্থান ও অর্থনীতির সার্বিক অবস্থা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ওবামার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জরিপে আভাস পাওয়া গেছে।
৫৩ শতাংশ ভোটার আসছে প্রেসিডেন্ট নির্বাচনে এ বিষয়টিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মত দিয়েছেন।
এ বিষয়ে ওবামার চেয়ে রমনি বেশি ভালো করতে পারবেন বলে মনে করেন ৪৫ শতাংশ ভোটার। আর ওবামার পক্ষ সমর্থন করেছেন ৪৩ শতাংশ ভোটার।
ইপসোসের জনমত সম্পর্কিত পরিচালক ক্রিস জ্যাকসন মনে করেন এ ইস্যুতে ওবামার বেকায়দা অবস্থা প্রেসিডেন্ট নির্বাচনকে জমিয়ে তুলবে।
যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় কর্মসংস্থান ও অর্থনীতির ইস্যুতে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন থেকে অনেক এগিয়ে ছিলেন ওবামা। ওবামার পক্ষে ছিল ৫২ শতাংশ ভোটারের সমর্থন আর ম্যাককেইনের পক্ষে মাত্র ৪০ শতাংশের।
ওই নির্বাচনে ডেমক্র্যাট প্রার্থী বারাক ওবামারই জয় হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৭ ঘ.
bdnews24